যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসা আবেদনের ক্ষেত্রে দালাল বা তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এর জন্য অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। একই সঙ্গে আবেদনে উল্লিখিত সব তথ্যের সঠিকতা ও সত্যতা নিজ দায়িত্বে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই জরুরি বার্তা দেওয়া হয়। পোস্টে দূতাবাস জানায়, ভিসা আবেদনে দেওয়া সব তথ্য সঠিক ও নির্ভুল কি না, তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের। তাই কোনো মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করে আবেদনকারীকে নিজেই ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলা হয়েছে। প্রয়োজনে পরিবারের বিশ্বস্ত কোনো সদস্য কিংবা বন্ধুর সহায়তা নেওয়া যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

ভিসা প্রক্রিয়াকরণে বিভিন্ন এজেন্সি বা তৃতীয় পক্ষের শরণাপন্ন হওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক করে দূতাবাস জানিয়েছে, ভিসা-সংক্রান্ত যেকোনো কাজে তৃতীয় পক্ষের সেবা নেওয়া এবং এ জন্য বাড়তি ফি দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। মূলত আবেদনকারীদের আর্থিক প্রতারণা থেকে রক্ষা করা এবং আবেদনে ভুল বা মিথ্যা তথ্যের কারণে ভিসা বাতিল হওয়া এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে ভিজিটর ভিসা নিয়ে দেওয়া অপর এক বার্তায় মার্কিন দূতাবাস সতর্ক করেছিল যে, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মাবলি যথাযথভাবে মেনে চলবেন—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা পুরোপুরি নিশ্চিত না হলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ও বৈধ ব্যবহার নিশ্চিত করার দায়িত্বও আবেদনকারীর নিজের বলে দূতাবাসের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়।
খালেদ / পোস্টকার্ড ;