বাংলাদেশ পুলিশের নীতি-নির্ধারণী উচ্চপর্যায়ে এক বড় ধরণের রদবদল ও পদোন্নতি দেওয়া হয়েছে। ৬ জন অতিরিক্ত আইজিপি এবং ৫ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন পদে দায়িত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
এই রদবদলে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে চট্টগ্রাম অঞ্চলের সীতাকুণ্ডের কৃতী সন্তান ডিআইজি মুহাম্মদ মুসলিমের দায়িত্বপ্রাপ্তি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ডিআইজি মুহাম্মদ মুসলিমকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নতুন পরিচালক (প্রধান) হিসেবে পদায়ন করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মুহাম্মদ মুসলিম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে পুলিশে যোগ দেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পুলিশের সদস্যদের চিকিৎসা সেবার প্রাণকেন্দ্র এই হাসপাতালের প্রধান হিসেবে তাঁর এই দায়িত্ব প্রাপ্তির খবরে সীতাকুণ্ডের সর্বত্র আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলো তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
ডিআইজি পর্যায়ের অন্যান্য পদেও পরিবর্তন এসেছে। খুলনা রেঞ্জের নতুন ডিআইজি হয়েছেন রেজাউল করিম এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে মোস্তাফিজুর রহমানকে। এ ছাড়া এসবি-র ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশে এবং মেট্রোরেলের (এমআরটি) দায়িত্বে থাকা ডিআইজি সিদ্দীকী তানজিলুর রহমানকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে চারজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিসহ পদায়ন করা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালের বিদায়ী পরিচালক সায়েদুর রহমান এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হয়েছেন। একইভাবে ডিআইজি কামরুল আহসান পদোন্নতি পেয়ে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যান্য রদবদলের মধ্যে ট্যুরিস্ট পুলিশের মাইনুল হাসানকে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, সারদার তৎকালীন প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং এসবি-র সরদার নূরুল আমীনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই নতুন নির্দেশনা দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;