চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬’। কলেজ শাখার বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন ‘কোয়ার্ক বিজ্ঞান ক্লাব’-এর উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মেলায় একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১০৭ জন শিক্ষার্থী ১৩টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি খুদে উদ্ভাবনী প্রজেক্ট, আকর্ষণীয় স্টল এবং উপস্থিত বুদ্ধিমত্তা যাচাইয়ের কুইজ প্রতিযোগিতায় পুরো ক্যাম্পাস জুড়ে উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ে।
মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো মূল্যায়নের জন্য রসায়নের প্রভাষক সুমন দাশ, পদার্থবিজ্ঞানের প্রভাষক শারমীন সুলতানা, আইসিটি বিষয়ের শিক্ষক নিউটন কুমার শীল, গণিতের প্রভাষক তৌহিদুল ইসলাম টিপু এবং জীববিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মোহনা আক্তারের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল দায়িত্ব পালন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীববিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মোহনা আক্তার।
প্রতিযোগিতায় প্রযুক্তিবান্ধব যুগান্তকারী সব উদ্ভাবন প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দল ‘রোবোসেল’। এই দলের সদস্যরা ‘স্মার্ট ফার্মিং রোবট’, ‘স্মার্ট সেফটি হাউস’ এবং আধুনিক চিকিৎসাসেবার ‘রোবোসেল ডায়াগনোস’ নামক প্রজেক্ট প্রদর্শন করে বিচারকসহ দর্শনার্থীদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
বিজয়ী ‘রোবোসেল’ গ্রুপের সদস্য মো. মিনহাজ আবিদ, সাফায়েত ইবনে হেদায়েত, সাইদুল ইসলাম রাহিন, এমরুল হোসেন ও আব্দুল্লাহ আল ফারহান উচ্ছ্বাস প্রকাশ করে জানান—সরকারি বা প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা পেলে তাঁদের এই উদ্ভাবনগুলো দেশ ও জনগণের বাস্তব কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে। একই সাথে উপজেলা, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সুনাম বাড়িয়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে তাৎক্ষণিকভাবে পুরস্কার ও স্মারক তুলে দেন আয়োজক ও শিক্ষকবৃন্দ।
খালেদ / পোস্টকার্ড ;