চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুল আমিন বলেছেন, শিক্ষার্থীদের কিশোর গ্যাং ও মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির সঙ্গে কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। রোববার (১৫ নভেম্বর) সকালে ঐতিহ্যবাহী মীরসরাই কলেজের নতুন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল আমিন এমপি বলেন, রাজনীতি কখনো খারাপ নয়; বরং ভালো ও যোগ্য মানুষেরা রাজনীতিতে না আসার সুযোগেই খারাপ মানুষেরা সেখানে জায়গা করে নেয় এবং রাজনীতি কলুষিত হয়। শিক্ষার্থীদের প্রথম ও প্রধান রাজনীতি হতে হবে মনোযোগ দিয়ে পড়ালেখা করা। দুঃখজনক হলেও সত্য যে মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা বর্তমানে রাজনীতিতে আসতে চায় না। সব ধরনের অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষার্থীদের সুস্থ ধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীরা যেন কোনোভাবেই বিপথে পরিচালিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের বিশেষ নজরদারি রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে মাসে অন্তত একদিন শিক্ষার্থীদের নিয়ে কিশোর গ্যাংয়ের নেতিবাচক প্রভাব ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করতে হবে। আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম। সভাপতির বক্তব্যে অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত মীরসরাই কলেজ এ অঞ্চলের একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি এ জনপদে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে নতুন মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সংকট নিরসন ও শিক্ষার মানোন্নয়নে তিনি সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী। কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক উত্তম কুমার চৌধুরী ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মানপত্র বা অভিনন্দনপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূর নবী।
এর আগে প্রধান অতিথি কলেজ প্রাঙ্গণে পৌঁছালে বিএনসিসি, রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রোভার মেট রবিউল হোসেন, গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জয়ত্রী সিনহা এবং ত্রিপিটক পাঠ করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বাবলু বড়ুয়া। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে কলেজের নতুন মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন প্রধান অতিথি। মোনাজাত পরিচালনা করেন মীরসরাই কলেজ মসজিদের খতিব ও মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা অর্ধশতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী মীরসরাই কলেজকে দ্রুত জাতীয়করণের জোর দাবি জানান। একই সঙ্গে কলেজের ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদা মেটাতে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং খেলার মাঠ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে এসব বিষয়ে সংসদ সদস্যের কার্যকর হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাজনীন খানম অহনা, দ্বিতীয় হন হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সুলতানা।
খালেদ / পোস্টকার্ড ;