পাহাড়ঘেরা সবুজ প্রকৃতির কোলে গড়ে ওঠা দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) তার প্রতিষ্ঠার ছয় দশক পূর্ণ করতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির ৬০ বছর পূর্তি বা হীরকজয়ন্তী। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে কেন্দ্র করে বর্তমানে পুরো ক্যাম্পাস সেজেছে উৎসবের এক নান্দনিক আমেজে, যা বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মনে বইয়ে দিয়েছে আনন্দের জোয়ার।
সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় চলছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। চাকসু ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর এবং জিরোপয়েন্টসহ পুরো চবি ক্যাম্পাস রঙিন আলোর মালায় সাজানো হয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও জোরেশোরে চলছে, যাতে উৎসবের বরণে কোনো কমতি না থাকে।
দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামতেই রূপ বদলাতে শুরু করে পাহাড়ঘেরা এই ক্যাম্পাস। একে একে জ্বলে ওঠা রঙিন বাতিগুলোর আলোয় পাহাড়ি প্রকৃতি ও আধুনিক আলোর এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। চেনাপথগুলো নতুন রূপ ধারণ করায় শিক্ষার্থীদের মাঝেও দেখা গেছে দারুণ উচ্ছ্বাস। বন্ধুরা মিলে আড্ডা, আলোকসজ্জা উপভোগ এবং মুঠোফোনে সেই মুহূর্তগুলো বন্দি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে চবির রূপালী সন্ধ্যার নানা দৃশ্য।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফ্রাদ শাওন, নুসরাত সুলতানা ও খাদিজা আফরিন মিতুরা জানান, ষাট বছরের এই ঐতিহ্যের অংশ হতে পেরে এবং এমন বর্ণিল উৎসবের সাক্ষী থাকতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি এই আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। হীরকজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাইদের পদচারণায় মুখর হয়ে উঠবে প্রিয় চবি ক্যাম্পাস।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ৬০ বছর পূর্তি উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ ও ঐতিহাসিক আয়োজন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই হীরকজয়ন্তীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। উৎসবটি সফল ও সার্থক করে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিষ্ঠার পর থেকে গত ছয় দশকে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনে এক গৌরবময় ভূমিকা পালন করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হীরকজয়ন্তীর এই আলোকসজ্জা ও বর্ণাঢ্য আয়োজন কেবল একটি বর্ষপূর্তি উৎসবই নয়, বরং এটি চবির দীর্ঘ ছয় দশকের ইতিহাস, ঐতিহ্য এবং হাজারো মানুষের আবেগময় স্মৃতির এক অনন্য উদযাপন। ১৮ নভেম্বরের মূল উৎসবের অপেক্ষায় এখন পুরোপুরি প্রস্তুত পাহাড়ের কোলঘেঁষা এই প্রাণবন্ত ক্যাম্পাস।
খালেদ / পোস্টকার্ড ;