চট্টগ্রামের সীতাকুণ্ডে মৎস্য সম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে পরিচালিত বিশেষ ‘কম্বিং অপারেশনে’ ৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
গত তিনদিন ধরে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা, সোনাইছড়ি এবং ভাটিয়ারী ইউনিয়ন সংলগ্ন উপকূলীয় এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করতে সাগরে ধারাবাহিকভাবে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। এ অভিযানের অংশ হিসেবে গত তিন দিনে ২২ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মৎস্য সম্পদের টেকসই আহরণ নিশ্চিত করতে এই অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, সাগরে মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ জাল ব্যবহার করে পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মোতাছিম বিল্লাহ্ অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ আহরণ করার অনুরোধ জানান ।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করা গেলে মৎস্য খাতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।
খালেদ / পোস্টকার্ড ;



















