চট্টগ্রামের সীতাকুণ্ডে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অংশ হিসেবে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন ৩০৫ জন অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ। একই সঙ্গে চোখের জটিল ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন অন্তত ৫০ জন রোগী।
গত শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে এ সুবিশাল ফ্রি মেডিকেল ও জনসচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগং বে অব বেঙ্গল-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানবিক এ কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং স্থানীয় সীতাকুণ্ড মডার্ণ হাসপাতাল।
দিনব্যাপী এই ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চোখের ছানি পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (ব্লড প্রেসার) পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরণের জেনারেল স্বাস্থ্যসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণকারী সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় জরুরি ওষুধসামগ্রীও বিতরণ করা হয়।
আয়োজক কমিটি জানায়, বিনামূল্যে চক্ষু সেবা নেওয়া রোগীদের মধ্য থেকে ছানি অপারেশনের জন্য যে ৫০ জন রোগীকে বাছাই করা হয়েছে, তাদেরকে পরবর্তীতে পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার বা সার্জারি করা হবে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি এই কর্মসূচিতে স্থানীয় জনসাধারণকে রোগ প্রতিরোধে সচেতন করতে ব্যানার ও লিফলেট নিয়ে বিশেষ প্রচারণা চালানো হয়। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধ, শিশু ক্যানসার লক্ষণ ও সচেতনতা, পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধ এবং সামাজিক দায়িত্ববোধ প্রসারে নাগরিকদের করণীয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, MJF। প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসায় সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন এবং আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে লায়ন্স ও লিও সদস্যদের নির্দেশ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, PMJF, প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, PMJF, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম, আইটি চেয়ারপারসন লায়ন মশিউর রহমান মাহি এবং জোন চেয়ারপারসন কনসার্ন লায়ন মো. মহিউদ্দিন চৌধুরীসহ ডিস্ট্রিক্টের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
ক্যাম্প আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আলম, লায়ন্স ক্লাব অব চিটাগং লিজেন্ড-এর প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মো. নুরুল আবছার আজাদ ও ভাইস প্রেসিডেন্ট লায়ন আহমেদ নুর। পুরো অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লায়ন মো. আশ্রাফুল আলম ভূঁইয়া।
এছাড়াও কর্মসূচিতে সক্রিয় অংশ নেন লায়ন ফোরকান উদ্দিন, লায়ন ডা. তাসমীমা মমতাজ, লায়ন রিজিয়া সুলতানা, লায়ন খালেদা আক্তার পিংকি, লায়ন রেশমা রহমান, লায়ন নাসরিন আখি ও লায়ন কাজী নাজিম উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে অধ্যাপক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মো. শহীদুল আমিন, শহীদুল ইসলাম, সরোয়ার উদ্দিন ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে চিকিৎসা গ্রহণে আসা রোগীদের সহায়তা প্রদান করেন।
লিও সদস্যদের মধ্য থেকে লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস-এর প্রেসিডেন্ট লিও অনিন্দ্য, চার্টার প্রেসিডেন্ট লিও রাহুল দাস ও সেক্রেটারি লিও জয় বিশ্বাসসহ অন্যান্যরা সেবাদান কার্যক্রমে যুক্ত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সীতাকুণ্ড অঞ্চলে তাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;