• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বর্জ্য রিসাইক্লিংয়ে বাজিমাত, বর্ষসেরা পুরস্কার পেল সীতাকুণ্ডের পলিইকো চট্টগ্রামে আন্তর্জাতিক মানের বিশেষায়িত ডায়াবেটিস হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বিশেষজ্ঞদের প্রথম ইউএনও সম্মেলন ১ ডিসেম্বর, মফস্বল সাংবাদিকতার জন্য নীতিমালা দাবি আনোয়ারায় সেতু না থাকায় নড়বড়ে সাঁকো পেরোতে পারেনি খাটিয়া, নৌকায় পার হলো মরদেহ মিরসরাইয়ে জোড়া অভিযান: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ২, মাদকসেবীদের কারাদণ্ড সীতাকুণ্ডের কালুশাহ্ সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ

আনোয়ারায় সেতু না থাকায় নড়বড়ে সাঁকো পেরোতে পারেনি খাটিয়া, নৌকায় পার হলো মরদেহ

আনোয়ারা সংবাদদাতা , পোস্টকার্ড ।। / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

খালের ওপর কোনো পাকা সেতু নেই, যাতায়াতের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে খাটিয়াসহ মরদেহ পার করা সম্ভব না হওয়ায় জীবনের শেষ বিদায়েও চরম ভোগান্তির শিকার হতে হলো স্বজনদের। শেষ পর্যন্ত একটি ছোট নৌকায় করে খাল পার করে ৬৫ বছর বয়সী বৃদ্ধ জাগের আহমদের মরদেহ দাফন করতে হয়েছে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের সাপমারা খালে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি কেবল একজন মানুষের শেষযাত্রার বিড়ম্বনা নয়, বরং উপকূলীয় এই জনপদের মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংকট ও প্রশাসনিক অবহেলার এক করুণ প্রতিচ্ছবি।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে মারা যান দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা জাগের আহমদ। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁর মরদেহ খাটিয়ায় করে সাপমারা খালের ওপারে অবস্থিত পারিবারিক কবরস্থানে নেওয়ার উদ্যোগ নেন স্বজন ও এলাকাবাসী। কিন্তু খালের ওপর টেকসই কোনো সেতু না থাকায় এবং একমাত্র বাঁশের সাঁকোটি অত্যন্ত জরাজীর্ণ ও সরু হওয়ায় খাটিয়াসহ সেটি পার হওয়া সম্ভব হয়নি। ফলে বাধ্য হয়ে স্বজনেরা একটি নৌকার ব্যবস্থা করেন এবং নৌকায় করে মরদেহ খালের ওপারে নিয়ে যান। সেখান থেকেও কর্দমাক্ত ও ভাঙাচোরা পথ পেরিয়ে কবরস্থানে পৌঁছে দাফনকাজ সম্পন্ন করতে হয়।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সাপমারা খালের ওপর একটি পাকা সেতুর অভাবে রায়পুর ও পাশের জুঁইদণ্ডী ইউনিয়নের অন্তত ছয়টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ যুগের পর যুগ ধরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এই খাল পার হয়েই প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ উপজেলা সদর ও শহরে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে এবং কাদামাটি জমে থাকলে এই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে কোনো প্রসূতি মা বা মুমূর্ষু রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলে কিংবা কারও মৃত্যু হলে স্বজনদের বিপাকে পড়তে হয়।

দক্ষিণ সরেঙ্গা গ্রামের বাসিন্দা আহমদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, বাঁশের সাঁকোটি এতটাই ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে যে কাঁধে খাটিয়া নিয়ে পার হওয়ার কোনো উপায় নেই। বাধ্য হয়েই এলাকার এই মুরব্বির মরদেহ নৌকায় করে পার করতে হয়েছে। তিনি আক্ষেপ করে জানান, এই সেতু নির্মাণের দাবিতে অতীতে যাঁরা আন্দোলন-সংগ্রাম করেছিলেন, তাঁদের অনেকেই আজ আর বেঁচে নেই; তবুও এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি আজও পূরণ হয়নি।

রায়পুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, কয়েক যুগ ধরে ব্যবহৃত এই বাঁশের সাঁকোর স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন ও যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনো মাঠপর্যায়ে দৃশ্যমান কোনো কাজের অগ্রগতি হয়নি। সেতু না থাকায় প্রায়ই এখানে নৌকায় করে মরদেহ পারাপারের মতো মর্মান্তিক ও অমানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রাকিব হোসাইন জানান, সাপমারা খালের ওপর সেতু নির্মাণের প্রস্তাবনা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় চিঠিও পাওয়া গেছে। সরেজমিনে সেতুর পরিমাপ ও সঠিক অবস্থান নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান। সব প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই সেতুটির দরপত্র (টেন্ডার) আহ্বান করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..