ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে জটিলতা এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডায়াবেটিস প্রিভেনশন এডুকেশন প্রোগ্রাম (DPEP)-এর উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরীর রেডিসন ব্লু চিটাগাং এক্সচেঞ্জ হলে এ বর্ণাঢ্য অনুষ্ঠান ও বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন DPEP-এর আহ্বায়ক প্রফেসর ডা. শাহরিয়ার আহমদ মিলন। তিনি ডায়াবেটিস প্রতিরোধে সম্মিলিত সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মফিজুল হক ভূঁইয়া।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘Early Action on Diabetes’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রিপন। প্রধান অতিথির বক্তব্যে ডা. খুরশীদ জামিল চৌধুরী উন্নতমানের হাসপাতাল ও ল্যাবরেটরি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের কথা জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ প্রাণবন্ত গোলটেবিল আলোচনায় বিভিন্ন মেডিকেল ডিসিপ্লিনের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মোহাম্মদ সালাহউদ্দিন, ডা. নায়না নাজির, ডা. মোহাম্মদ সাইফ উদ্দিন মাহমুদ, ডা. মিনহাজুল আলম, ডা. মোহাম্মদ হোসেন ভূঁইয়া রাফিস, বিআইটিআইডি হাসপাতালের অধ্যাপক ডা. মাহমুদুর রশিদ, চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের ডা. সুমন রমন চৌধুরী, ডা. মাসুদ করিম, এভারকেয়ার হাসপাতালের ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, ডা. সৌরভ সরকার, ডা. শায়লা কবির, ডা. খোরশেদ আনোয়ার, ডা. শামীম ও প্রফেসর ডা. তফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ডায়াবেটিসের ক্ষেত্রে শুধু রোগ নির্ণয় যথেষ্ট নয়; বরং প্রাথমিক পর্যায় থেকেই সঠিক চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে হৃদ্রোগ, কিডনি, চোখ ও স্নায়ুর জটিলতা প্রতিরোধ করতে হবে। এছাড়া চট্টগ্রামের ডায়াবেটিস চিকিৎসাসেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদ্যমান চট্টগ্রাম ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের আধুনিকায়ন, একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি গড়ে তোলার জোর দাবি জানানো হয়।
ইআরএল-এর সিএমও ডা. তৌহিদুল আনোয়ার মাসুমের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে প্রফেসর ডা. শাহরিয়ার আহমদ মিলন বৈঠকে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ইনসুলিন আবিষ্কারক স্যার ফ্রেডেরিক ব্যান্টিংয়ের জন্মদিনের ঐতিহ্যের অংশ হিসেবে কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান, র্যাফেল ড্র এবং বুফে ডিনারের আয়োজন করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;