চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ মাদকসেবীকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বারইয়ারহাট বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তদন্তে উঠে আসা দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর এলাকার আব্দুল্লাহ আল ইমরান (২৪) ও রাকিব আলম (২৩)।
পুলিশ জানায়, তারা ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী। গত ১১ নভেম্বর দায়ের করা জোরারগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিট থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট বাজার, জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এবং মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদেরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পাঁচটি মামলায় খাজা নাজিম উদ্দিন (৩৪), আব্দুল্লাহ আল মামুন (৩৫), আবুল বাশার (৩৫), রাসেল (৩৫) ও নাজমুল হাসান ভূঁইয়া (৪২)-কে মাদক সেবনের দায়ে প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;