চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় অবস্থিত ‘ইউরো গ্যাস ডিপো’তে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সংঘবদ্ধ একটি ডাকাত দল সাদা বোরকা ও হিজাব পরে ডিপোর নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সাদা বোরকা ও হিজাব পরিহিত ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডিপোর প্রধান ফটক টপকে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে। ডাকাত দলের সদস্যদের অনেকের হাতে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল এবং কয়েকজন সাধারণ পোশাকে (লুঙ্গি ও প্যান্ট) ছিলেন।
ডাকাতরা ডিপোর ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরা ও নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ভাঙচুর করে অকার্যকর করে দেয়। এরপর তারা বিভিন্ন কক্ষের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা লুট করে। এ ছাড়া তারা ডিপোর গুদাম থেকে বিপুল পরিমাণ মূল্যবান কপার ক্যাবল, এলপিজি সিলিন্ডারের যন্ত্রাংশ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলায় আহত দুই নিরাপত্তাকর্মী হলেন মো. ইকবাল হোসেন ও মো. সদর উদ্দিন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউরো গ্যাস এলপিজির ম্যানেজার মো. তৌহিদুল মান্নান জানান, ডাকাতির ধরন দেখে এটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। ডাকাত দল যেভাবে সুনির্দিষ্টভাবে সিসিটিভি ক্যামেরা ভেঙেছে এবং মালামাল লুট করেছে, তাতে ধারণা করা হচ্ছে ডিপোর ভেতরের কোনো ব্যক্তি বা পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। নগদ অর্থ ও লুট হওয়া মালামাল মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রায় ১২০০ গজ মূল্যবান কপার ক্যাবল লুট হয়েছে, যার ওজন প্রায় আড়াই টন। তবে লুট হওয়া মালামালের পরিমাণ ও ধরনের বিষয়ে কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক তথ্যে কিছুটা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। ওসি আরও বলেন, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডের বিভিন্ন শিল্পাঞ্চল ও ডিপোতে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও ডিপো কর্তৃপক্ষের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
খালেদ / পোস্টকার্ড ;