সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান যাচাই ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) হাসপাতালটি পরিদর্শন করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান এবং নবযোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শিব্বীর আহমেদ প্রিন্স। সকালে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
অভ্যর্থনা পর্ব শেষেই দুই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ড ও ইউনিট ঘুরে দেখেন। এ সময় তাঁরা আগত রোগীদের চিকিৎসা প্রাপ্তি, চিকিৎসকের উপস্থিতি, ওষুধ সরবরাহ পরিস্থিতি এবং সামগ্রিক পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। বিশেষ করে জরুরি বিভাগে সেবার মান ও মুমূর্ষু রোগীর প্রাথমিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাঁরা এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রাপ্ত সুযোগ-সুবিধার খোঁজ নেন।
পরিদর্শনপরবর্তী পর্যালোচনা ও দিকনির্দেশনামূলক আলাপচারিতায় সিভিল সার্জন ও নবযোগদানকারী ইউএইচএফপিও চিকিৎসাসেবার মানোন্নয়ন, সেবাগ্রহীতাদের দীর্ঘসূত্রিতা ও ভোগান্তি কমানো এবং একটি শতভাগ রোগীবান্ধব পরিবেশ তৈরিতে জোরালো তাগিদ দেন। চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে রোস্টার অনুযায়ী নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সরকারি চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ সদ্ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, নবযোগদানকারী ইউএইচএফপিও ডা. শিব্বীর আহমেদ প্রিন্সকে সঙ্গে নিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের এই মাঠপর্যায়ের তদারকি সীতাকুণ্ডের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নতুন উদ্দীপনা যোগ করবে। এই পরিদর্শন ও সময়োপযোগী দিকনির্দেশনা হাসপাতালের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আন্তরিকতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলে আশা করছেন স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।
খালেদ / পোস্টকার্ড ;