চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগার হাট বাজারে ক্ষতিকারক রং মিশ্রিত মাছ বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩০ কেজি রং মেশানো পোয়া ও লইট্যা মাছ জব্দসহ দুই মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বি।
অভিযান সূত্রে জানা যায়, বড়দারোগার হাট বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করছেন—এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩০ কেজি রং মিশ্রিত পোয়া ও লইট্যা মাছ জব্দ করার পর তা জনসম্মুখে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার ও মৎস্য সুরক্ষায় জড়িত দুই বিক্রেতাকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফজলে রাব্বি জানান, জনস্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ এমন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। ভোক্তাদের নিরাপদ মাছ ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
খালেদ / পোস্টকার্ড ;