“সচেতনতাই পারে সর্পদংশনজনিত অকাল মৃত্যু প্রতিরোধ করতে”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে উদযাপিত হলো আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজ ১৯ সেপ্টেম্বর (শনিবার) দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসকেরা সর্পদংশনের সার্বিক চিত্র, এর ভয়াবহতা, সাপের কামড় থেকে বাঁচার আগাম উপায় এবং কামড় পরবর্তী বৈজ্ঞানিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।
বক্তারা বলেন, সাপে কাটলে ভয় বা আতঙ্ক না পেয়ে রোগীকে শান্ত রাখতে হবে এবং দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে আসতে হবে। অহেতুক কবিরাজ, ঝাড়ফুঁক কিংবা ওঝার কাছে গিয়ে মূল্যবান সময় নষ্ট করার কারণেই বেশিরভাগ রোগীর করুণ মৃত্যু ঘটে। সঠিক সময়ে হাসপাতালে আনলে আধুনিক চিকিৎসায় রোগী শতভাগ সুস্থ হয়ে ওঠে।
কোনো ধরনের অন্ধবিশ্বাস বা ভুল চিকিৎসায় বিভ্রান্ত না হয়ে যেকোনো সর্পদংশনের শিকার রোগীকে অনতিবিলম্বে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য জনস্বার্থে বিনীত অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খালেদ / পোস্টকার্ড ;