চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কে নির্মিত দেশের প্রথম সাইকেল ট্র্যাকে অবৈধভাবে গাড়ি পার্কিং করায় একটি প্রাইভেটকার ও একটি মিনি কাভার্ডভ্যানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে ট্র্যাকে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। গতকাল রোববার চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা অংশ নেন।
উল্লেখ্য, চসিকের উদ্যোগে নির্মিত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই বিশেষ সাইকেল ট্র্যাকটি গত শুক্রবার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে উদ্বোধনের ২৪ ঘণ্টা পার হতে না হতেই ট্র্যাকটির ওপর লরি ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখার চিত্র দেখা যায়। এ সংক্রান্ত সংবাদ প্রচারের পরপরই চসিক কর্তৃপক্ষ সেখানে জোরালো অভিযান পরিচালনা করে।
চালু হতেই দখলে পতেঙ্গার দেশের প্রথম সাইকেল ট্র্যাক: সুন্দর উদ্যোগ রক্ষায় প্রশ্ন
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, সড়ক পরিবহন আইন ২০১৮-এর আওতায় দুটি মামলা দায়ের করে নগদে ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং একটি গাড়ি আটক করা হয়েছে। জরিমানা করা যানগুলোর মধ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইনকনট্রেন্ড লিমিটেডের মিনি কাভার্ডভ্যান ছিল। জব্দ করা অটোরিকশার মালিক যোগাযোগ করলে প্রয়োজনীয় সতর্কবার্তাসহ মুচলেকা নিয়ে তা ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযানকালে ড্রাইভাররা অবশ্য দাবি করেন যে, নির্দিষ্ট স্থানটি সাইকেল ট্র্যাক ছিল তা তাঁদের জানা ছিল না। তবে স্থানীয় অধিবাসীদের মতে, মূল সড়ক থেকে আলাদা করতে সাইকেল ট্র্যাকে যে ফুলের বাগান বা কেয়ারি তৈরি করা হয়েছে, তার মাঝে কিছুটা দূরত্ব রয়েছে। ফাঁকা ওই অংশগুলো ব্যবহার করেই চালকেরা অনায়াসে সাইকেল ট্র্যাকে যানবাহন ঢুকিয়ে পার্কিং করছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;