প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ (শুক্রবার ও শনিবার) চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত এই উৎসবে থাকছে বিষয়ভিত্তিক মননশীল আলোচনা, স্বরচিত লেখা পাঠ, শিশু-কিশোর সমাবেশ, আবৃত্তি প্রতিযোগিতা এবং গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা বর্ণাঢ্য আয়োজন। এবারের উৎসবে শিশুসাহিত্যিক সম্মাননা পাচ্ছেন প্রথিতযশা লেখক দিলারা মেসবাহ, দীপংকর চক্রবর্তী ও ওবায়দুল সমীর এবং গ্রন্থ-সুহৃদ সম্মাননা দেওয়া হচ্ছে বিশিষ্ট শিক্ষা-সংগঠক মুহাম্মদ মুজিবুর রহমানকে। এই উৎসবকে আরও চিরস্মরণীয় ও অর্থবহ করে তুলতে বিশিষ্ট শিশুসাহিত্যিক রাশেদ রউফের সম্পাদনায় এবং প্রতিভাবান শিল্পী মোমিন উদ্দীন খালেদের আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন ‘শিশুসাহিত্য’।
প্রকাশিতব্য এই বিশেষ সংকলনটি মোট ১৩টি সুবিন্যস্ত অধ্যায়ে সাজানো হয়েছে, যা পাঠককে শিশুসাহিত্যের এক বিশাল ও সমৃদ্ধ ভুবনে নিয়ে যাবে। সংকলনের সূচনা অধ্যায়ে সুব্রত বড়ুয়া, রফিকুর রশীদ, রহীম শাহ, ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ড. সানাউল্লাহ আল-মুবীন, তরুণ কান্তি বড়ুয়া, হাসান রাউফুন, জসীম মেহবুবসহ শীর্ষস্থানীয় লেখকদের রচিত শিশুসাহিত্যের তত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান প্রকাশনা ও শব্দসম্পদবিষয়ক ২৫টিরও বেশি তথ্যবহুল গবেষণা নিবন্ধ স্থান পেয়েছে। পাশাপাশি সুকুমার বড়ুয়া, কবি জসীমউদদীন, শিল্পাচার্য নন্দলাল বসু এবং সত্যজিৎ রায়ের মতো কালজয়ী ব্যক্তিত্ব ও সাহিত্যিকদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামের ছড়া আন্দোলন, প্রথম কিশোরকবিতা সংকলনের ইতিহাস এবং শিশুনাট্যচর্চা ও থিয়েটারের সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে অন্যান্য অধ্যায়ে।
শিশুমনস্তত্ত্ব, মেধার বিকাশ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও এই গ্রন্থে বিশেষভাবে স্থান পেয়েছে। ড. উজ্জ্বল কুমার দেব, সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী, জিতেন্দ্র লাল বড়ুয়া, রূপক কুমার রক্ষিত ও প্রীতিশ রঞ্জন বড়ুয়াসহ বহু প্রাবন্ধিক শিশুদের গণিত-বিজ্ঞান শিক্ষা, অপসংস্কৃতি থেকে রক্ষা, মেধার বিকাশ এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে পরিবারের ভূমিকার মতো স্পর্শকাতর বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। একই সাথে বিমল গুহ ও অমিত বড়ুয়ার কবিতা এবং জনপ্রিয় উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’-এর ওপর চমৎকার পাঠ-পর্যালোচনা রয়েছে গ্রন্থটিতে। নতুন লেখকদের প্রথম বই প্রকাশের অনুভূতি এবং সম্প্রতি প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক আখতার হুসেন ও আমীরুল ইসলামকে স্মরণ করে তৈরি স্মৃতিকথামূলক দুটি বিশেষ অধ্যায় এই প্রকাশনার আবেগ ও গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে; যেখানে লুৎফর রহমান রিটন, ধ্রুব এষ, ঝর্না রহমান ও রাশেদ রউফের মতো ব্যক্তিত্বদের হৃদয়ানুভূতি প্রকাশ পেয়েছে।
সংকলনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর সাহিত্যরস সমৃদ্ধ গল্প ও কবিতার বিশাল সম্ভার। মোহিত কামাল, আনোয়ারুল হক, আনোয়ারা আলমসহ দেশের ২৯ জন জনপ্রিয় ও খ্যাতিমান লেখকের নতুন গল্প, মাহফুজুর রহমানের বিদেশি রূপকথা এবং দেশের অর্ধেকেরও বেশি স্বনামধন্য ও প্রতিশ্রুতিশীল ছড়াকার-কবির ছড়া ও কবিতা সংকলনটিকে এক অপূর্ব পূর্ণতা দিয়েছে। এছাড়া সম্মাননাপ্রাপ্ত লেখক ও সংগঠকদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিশেষ পর্যালোচনামূলক নিবন্ধ রচনা করেছেন লাবনী মণ্ডল, অরুণ শীল, বিপুল বড়ুয়া এবং অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইন। সার্বিকভাবে ‘শিশুসাহিত্য’ সংকলনটি কেবল উৎসবের স্মারক হিসেবেই নয়, বরং বাংলা শিশুসাহিত্যের গবেষক, পাঠক ও শিশু-কিশোরদের জন্য এক অমূল্য ও সংগ্রাহ্য দলিলে পরিণত হতে যাচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;