চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিন শ বস্তা ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মেহেদী হাসান রোমন (২৫) নামের এক ট্রাকচালককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) রাতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের কচ্ছপিয়া মোড় পয়েন্টে একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকটি থেকে ৩০০ বস্তায় মোট ১৫ টন ইউরিয়া সার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সারগুলো সমুদ্রপথ বা বঙ্গোপসাগর হয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের পরিকল্পনা ছিল। এর আগেও একই পয়েন্টে অভিযান চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আরও দুটি ট্রাক জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, সাম্প্রতিক সময়ে মীরসরাইয়ের বঙ্গোপসাগর উপকূলীয় রুটটিকে সার পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে একটি চক্র। পাচার রোধে পুলিশের নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;