চট্টগ্রামের মীরসরাইয়ে উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যদের সঙ্গে তথ্য কমিশন বাংলাদেশের সম্মানিত তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমানের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় মীরসরাই উপজেলা কনফারেন্স হলে আয়োজিত এই সভায় সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মহিউদ্দিন জিলানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ ও সরকারি সেবামূলক কার্যক্রমে জনসচেতনতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, তথ্য কমিশন বাংলাদেশের উপপরিচালক সালাউদ্দিন, স্থানীয় সংবাদকর্মী মাঈন উদ্দিন ও নাছির উদ্দিন। বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় তথ্য অধিকার আইনের সুফল পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার অধিকার জনগণের মৌলিক অধিকারের অংশ। সরকারি প্রতিটি দপ্তরে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ যেন কোনো ধরনের জটিলতা ছাড়াই সহজে তথ্য পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;