ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ের মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক (ইংরেজি) মো. হাসান হাফিজুর রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা ইয়াসমিন রিমা ও জাহেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গভীর প্রভাব তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য বজায় রাখতে এই দিনের চেতনা তরুণ প্রজন্মের হৃদয়ে ধারণ করতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা অর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দলীয় সীমানা বা বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সবার আগে স্থান দিতে হবে এবং যেকোনো সংকটে দেশের অখণ্ডতা রক্ষায় শিক্ষার্থীদের সবসময় সজাগ থাকতে হবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম ও ঐতিহাসিক আলোচনা শিক্ষার্থীদের মধ্যে সঠিক ইতিহাসচেতনা, দেশপ্রেম ও সুস্থ সাংস্কৃতিক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
খালেদ / পোস্টকার্ড ;