চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ি এলাকা ও সন্ত্রাসী আস্তানা হিসেবে পরিচিত দুর্গম জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ও সতর্কতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ, র্যাব ও বিজিবির দেড় শতাধিক সদস্যের সমন্বয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনটি উপ-দলে বিভক্ত হয়ে পুরো এলাকায় মহড়া দেন। অভিযান শেষে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, এর আগে নিয়ন্ত্রণ হারানো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রাতের আঁধারে জঙ্গল সলিমপুরে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আর তাই আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করেছে। পাহাড় কাটা ও অবৈধ প্লট বাণিজ্য বন্ধের পাশাপাশি সন্ত্রাসীদের মূল উৎপাটনে যৌথ বাহিনীর এই গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় সাধারণ অধিবাসীদের মধ্যে উচ্ছেদের যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা দূর করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে সাধারণ বাসিন্দাদের কোনোভাবেই উচ্ছেদ করা হবে না, বরং তাঁদের সর্বাত্মক নিরাপত্তা বলয় সুদৃঢ় করতেই সেখানে স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। অপরাধ দমনে স্থানীয়দের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে ক্যাম্পের সরাসরি যোগাযোগ নম্বরও বিতরণ করা হয়।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক দূর করার পাশাপাশি সন্ত্রাসীদেরও বার্তা দেওয়া হচ্ছে। এলাকাবাসীকে অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য ক্যাম্পের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। সন্ত্রাসীদের কেউ কেউ গোপনে রাতে এলাকায় আসছে। তাদের অনুসারীরা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ যৌথ বাহিনীর বিশাল অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের সন্ত্রাসী সাম্রাজ্য ভেঙে দিয়ে জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে আসে। এ পর্যন্ত বিভিন্ন অভিযানে তাঁদের ৭৮ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত অক্টোবরে এখানে একটি অভিযানে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত এবং বেশ কয়েকজন সদস্য আহত হয়েছিলেন। বর্তমানে পুরো জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;