চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জাফর নগর অর্পণা চরণ উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে চলা বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। গত বুধবার বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে এই প্রতিবাদ জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাছির উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মানোন্নয়ন এবং শিক্ষার্থী-অভিভাবকদের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়ে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে বিস্তারিত বক্তব্য দেন শিক্ষক, অভিভাবক ও অতিথিরা। বক্তারা বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে ভিত্তিহীন অপপ্রচার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই সত্যতা যাচাই না করে এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও পারস্পরিক যোগাযোগ বাড়িয়ে বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক পৌর কমিশনার সেলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এনামুল বারী, সাবেক সাধারণ সম্পাদক আইনুল কামাল, আহ্বায়ক হাজী আবু তাহের, বাবু জিতেন্দ্র নারায়ণ দাস নাটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নুরুদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এম জামশেদ আলম, প্রতিনিধি মোবারক হোসেন জামশেদ ও ইক্তিয়ার উদ্দিন ভূঁইয়াসহ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
খালেদ / পোস্টকার্ড ;