চট্টগ্রামের মীরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে খামারিদের উদ্বুদ্ধকরণ, পশুচিকিৎসা সেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা তৈরিতে এসব আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও বিপুলসংখ্যক খামারি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দুধ, মাংস ও ডিমসহ প্রাণিসম্পদ উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের পুষ্টিচাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় এবং সফল খামারিদের মধ্যে ‘সাদা কালো সুইট’-এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খামারি ও তরুণ উদ্যোক্তাদের আরও এগিয়ে আসতে হবে। খামারিদের আধুনিক প্রশিক্ষণ, মানসম্মত চিকিৎসাসেবা, টিকাদান ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা সফল খামারিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রাণিসম্পদ সপ্তাহের এমন আয়োজন মীরসরাইয়ের খামারিদের মাঝে নতুন উদ্দীপনা ও আগ্রহ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খালেদ / পোস্টকার্ড ;