• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা মীরসরাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন মিরসরাইয়ে ৪০ লাখ টাকার চোরাচালানের চায়না কাপড়সহ আটক ১ সীতাকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে লরিচাপায় কর্মচারী নিহত চকলেটের প্রলোভনে সীতাকুণ্ডে স্কুলছাত্রী ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকাকে পুরোপুরি অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, বিপিএম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জঙ্গল সলিমপুরে কোনো অপরাধী চক্রকে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না; সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ দখল কিংবা অপরাধমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে ডিআইজি জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, জঙ্গল সলিমপুরে নতুন করে কোনো সন্ত্রাসী আস্তানা প্রতিষ্ঠা বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার কোনো অবকাশ নেই। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

বর্তমানে এলাকার মানুষ স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে বসবাস করছেন উল্লেখ করে ডিআইজি বলেন, স্থানীয়দের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রয়েছে। এরপরও কোনো ব্যক্তি বা পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ কিংবা সমস্যা থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে। জনগণের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করতে চায়।

জঙ্গল সলিমপুরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ডিআইজি মোহাম্মদ শামসুল হক জানান, সরকার কর্তৃক গৃহীত উন্নয়ন পরিকল্পনা যথাযথ প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে; তবে যেকোনো উন্নয়ন কার্যক্রমে স্থানীয় মানুষের কল্যাণ ও বৃহত্তর জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এলাকার সড়ক নির্মাণের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ ও শহরের সঙ্গে যাতায়াতে নতুন সুযোগ সৃষ্টি হবে। তবে পরিস্থিতির এই উন্নতি নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রাখার কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফটিকছড়িতে সাম্প্রতিক সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি জানান, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অবশিষ্ট অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের জন্য সরকার পুরস্কার ঘোষণা করেছে উল্লেখ করে তিনি বলেন, নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া আলোচিত সন্ত্রাসী রায়হানকে গ্রেপ্তারের বিষয়ে তিনি জানান, তাকে আইনের আওতায় আনতে চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে; ইতোমধ্যে তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্তকেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন ডিসেম্বর মাসকে ঘিরে চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নাশকতার কোনো সুনির্দিষ্ট আশঙ্কা নেই বলেও তিনি জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নাজিমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও জনসংযোগ) মো. রাসেল এবং সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামসহ জেলা ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় চার দশক ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ প্লট বাণিজ্য ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে এলাকাটি আলোচনায় রয়েছে। অতীতে এসব কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন অপরাধী চক্রের সংঘাত এমনকি সাংবাদিক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে সরকারি পাহাড় উদ্ধার, অবৈধ দখল বন্ধ এবং অপরাধী চক্রের তৎপরতা নির্মূল করা প্রশাসনের জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে নবনিযুক্ত ডিআইজির কঠোর অবস্থানের ঘোষণায় জঙ্গল সলিমপুরে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন সচেতন মহল।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..