চট্টগ্রামের মীরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই সমন্বয় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপজেলার বিভিন্ন প্রান্তের প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে সংবর্ধিত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি উন্নত, আলোকিত ও সমৃদ্ধ দেশ গঠনে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও মজবুত করতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও উন্নত করা সম্ভব বলে উল্লেখ করে তিনি বিদ্যালয়গুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ।
এ ছাড়া সহকারী শিক্ষকদের পক্ষ থেকে খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস মোহাম্মদ এবং প্রধান শিক্ষকদের পক্ষ থেকে মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম বক্তব্য দেন। এ সময় কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, পাঠদান কার্যক্রম, উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত দায়িত্ব ও বিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে মীরসরাই উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
খালেদ / পোস্টকার্ড ;