চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে কাভার্ড ভ্যানভর্তি প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের চায়না কাপড়সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে (রাত সাড়ে ১১টার দিকে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেনসহ পুলিশের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তল্লাশি চলাকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে চলাচলরত একটি কাভার্ড ভ্যানকে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২০-৬৪০৪) থামার সংকেত দিয়ে আটক করা হয়।
পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০টি প্লাস্টিকের বস্তায় মোড়ানো বিভিন্ন রঙের ১০০টি চায়না কাপড়ের রোল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি কাপড়ের রোলের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা হিসেবে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ৪০ লাখ টাকা। অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে পুলিশ।
অভিযানকালে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নোমান (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের আবদুর রব মোল্লার ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৪০ লাখ টাকার চোরাচালানের চায়না কাপড় ও পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;