চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর বাজারে সরকারি এক নম্বর খাস জমিতে ১৮টি অবৈধ দোকানের অবস্থান শনাক্ত করা হলেও সেগুলো এখনো সরকারি ইজারার আওতায় আসেনি। সংশ্লিষ্ট ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঠ জরিপে পৌর সদরের কলেজ রোডের মোড় থেকে শুরু করে সড়কের পূর্ব পাশে লাকি স্টোর পর্যন্ত সরকারি খাস জমিতে এসব দোকানের অবস্থান চিহ্নিত করা হয়। তবে বাজারের সীমানা বা পেরিফেরি নির্ধারণ সংক্রান্ত প্রশাসনিক জটিলতায় ইজারা প্রক্রিয়া আটকে থাকায় বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। অন্যদিকে, পৌর সদরের ব্যস্ততম মহাসড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকির কথা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা।
সীতাকুণ্ড সদর ভূমি অফিস সূত্রে জানা গেছে, পৌর সদরের কলেজ রোডে গ্রামীণফোন কার্যালয় থেকে লাকি স্টোর পর্যন্ত এলাকায় প্রায় ১৭ শতক এক নম্বর খাস জমি রয়েছে। ২০২৫ সালের মাঠ জরিপে ওই জমির প্রায় ১০ শতক জায়গা দখল করে গড়ে ওঠা ১৮টি দোকানের অবস্থান শনাক্ত করা হয়। কিন্তু জরিপ সম্পন্ন হওয়ার পরও রহস্যজনক কারণে দোকানগুলো ইজারার আওতায় আনা সম্ভব হয়নি। ফলে বছরের পর বছর ধরে সরকারি মূল্যবান এই জমি ভোগদখল করা হলেও তা থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।
সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রে জানা গেছে, ‘সরকারি হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী, যেকোনো বাজারের পেরিফেরি বা সীমানা নির্ধারণের জন্য সরেজমিন জরিপ ও নকশা প্রস্তুতের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে অনুমোদনের প্রস্তাব পাঠানোর সুস্পষ্ট বিধান রয়েছে। ওই বিধিমালা অনুযায়ী নকশায় বাজারের অন্তত ৫০ শতাংশ ভূমি উন্মুক্ত ও সংরক্ষিত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা রাখার বাধ্যবাধকতাও রয়েছে। তবে সীতাকুণ্ড পৌর সদর বাজারের সংশ্লিষ্ট এই জমির পেরিফেরি অনুমোদনের প্রস্তাব বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ১৪৩৩ বঙ্গাব্দের হাটবাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এই খাস জমি ও দোকানগুলো ইজারার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এ বিষয়ে সীতাকুণ্ডের সাবেক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি দায়িত্বে থাকাকালে সরেজমিন মাঠ জরিপ করিয়ে শনাক্তকৃত দোকানগুলোকে একসনা ইজারার আওতায় আনার উদ্যোগ নিয়েছিলেন। তবে বাজারের পেরিফেরি নির্ধারণসংক্রান্ত জটিলতায় তখন প্রক্রিয়াটি চূড়ান্ত রূপ পায়নি। তাঁর মতে, বর্তমান উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিলে পেরিফেরি অনুমোদন এবং দোকানপ্রতি জায়গা নির্ধারণের মাধ্যমে সহজেই সরকারের নিয়মিত রাজস্ব আদায়ের ব্যবস্থা করা সম্ভব।
এদিকে, সরকারি খাস জমি দখলের পাশাপাশি পৌর সদরের মহাসড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। সীতাকুণ্ড পৌরসভা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সাবেক ইউএনও তারিকুল আলমের সময়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে খাস জমি ও মহাসড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে একটি মহলের ছত্রছায়ায় কিছু দোকান আবারও বসানো হয়। এমনকি এসব অবৈধ দোকান বসানোর বিনিময়ে অগ্রিম অর্থ ও নিয়মিত মাসোহারা আদায়ের অভিযোগও করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানমালিকদের কারও বক্তব্য পাওয়া যায়নি।
ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম আরও বলেন, পৌর সদরের ফুটপাতগুলো অবৈধ দখলদারদের কবলে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের বাধ্য হয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মূল লেন দিয়ে চলাচল করতে হয়। এতে এলাকায় তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থের এই বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
সরকারি খাস জমি ও ফুটপাত দখলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, সরকারি খাস জমি কিংবা জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে কোনোভাবেই অবৈধ দোকান চালাতে দেওয়া হবে না। উত্থাপিত অভিযোগগুলো সরেজমিনে যাচাই করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
সচেতন মহলের মতে, সরকারি খাস জমির দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ইজারা প্রক্রিয়া সম্পন্ন করতে হলে পেরিফেরি নির্ধারণের বর্তমান অবস্থান দ্রুত স্পষ্ট করা জরুরি। একই সঙ্গে মহাসড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিলে একদিকে যেমন সরকারি কোষাগারে নিয়মিত রাজস্ব জমা হবে, অন্যদিকে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের পরিবেশও ফিরে আসবে।
খালেদ / পোস্টকার্ড ;