• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত মীরসরাইয়ে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন জোরারগঞ্জে গাঁজা-চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৫ ও কারাদণ্ড ৪ জনের সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩ সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান

সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া উপকূলীয় এলাকায় আবারও সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি প্রভাবশালী ও অসাধু চক্র এলাকাবাসীর তীব্র আপত্তি উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে উপকূলীয় পরিবেশ, ঘনবসতিপূর্ণ জনপদ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বার আউলিয়া উপকূল থেকে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বা ট্রাঙ্ক রোডের দূরত্ব আনুমানিক মাত্র ৫০০ মিটার। এছাড়া এই উপকূলীয় এলাকার আশপাশেই রয়েছে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন পাইপলাইন। ফলে তীরবর্তী সমুদ্র থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে উপকূলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে তীব্র ভূমিক্ষয় ও ভাঙনের ঝুঁকি বহুলাংশে বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসীর আশঙ্কা, নির্বিচারে বালু উত্তোলনের ফলে সমুদ্রতলের গঠন ক্ষতিগ্রস্ত হলে সন্দ্বীপ চ্যানেলের প্রবল স্রোত ও জোয়ারের চাপে আসন্ন বর্ষা মৌসুমে উপকূলীয় ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে। এতে বার আউলিয়াসহ আশপাশের বিস্তীর্ণ জনপদ, শত শত বসতবাড়ি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রচলিত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী কোনো সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন বা অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বা জনবসতিপূর্ণ এলাকা থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এখানে তা মানা হচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশবিধ্বংসী এই বালু উত্তোলন বন্ধে চক্রটিকে একাধিকবার বাধা ও আপত্তি জানানো হলেও তারা তা কর্ণপাত করছে না। বরং প্রভাব খাটিয়ে কার্যক্রম অব্যাহত রাখায় পুরো এলাকায় তীব্র অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহলের মতে, বিষয়টি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে অদূর ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ও অপূরণীয় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।

এলাকাবাসীর সূত্রে আরও জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে উপকূলীয় ভাঙন ও জলোচ্ছ্বাস প্রতিরোধে বার আউলিয়া এলাকায় একটি সুরক্ষিত প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ওই বাঁধটি দীর্ঘকাল উপকূলীয় ভাঙন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখলেও রক্ষণাবেক্ষণের অভাব ও প্রাকৃতিক দুর্যোগে বর্তমানে সেটি আর বিদ্যমান নেই। প্রতিরক্ষা বাঁধহীন এই অরক্ষিত অবস্থায় নতুন করে সাগর থেকে বালু উত্তোলনের ঘটনা স্থানীয়দের উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। উপকূলের বর্তমান নাজুক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত বৈজ্ঞানিক সমীক্ষা ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন তাঁরা।

বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সরেজমিন তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক, সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বালু উত্তোলনের কোনো বৈধ ইজারা বা অনুমোদন রয়েছে কি না তা যাচাই করে অনুমোদনহীন কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইন, গ্যাস পাইপলাইন ও উপকূলীয় জনবসতির নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করতে হবে।

স্থানীয়দের মতে, এই সংকট কেবল বার আউলিয়া বা সীতাকুণ্ডের একক কোনো সমস্যা নয়; এর সঙ্গে উপকূলীয় পরিবেশ, পরিবেশগত ভারসাম্য, রাষ্ট্রীয় সম্পদ এবং হাজারো মানুষের জীবন-জীবিকা ও জননিরাপত্তার প্রশ্ন ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো বড় ধরনের প্রাণহানি বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ঘটার আগেই প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও টেকসই উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন বার আউলিয়ার বাসিন্দারা।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..