চট্টগ্রামের মীরসরাইয়ে একটি পোল্ট্রি খামারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন পোল্ট্রি খামারে এই ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ চোরের দল খামার থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী উদ্যোক্তা।
ভুক্তভোগী পোল্ট্রি খামার ব্যবসায়ী মো. মেহেদী হাসান জানান, বুধবার গভীর রাতের কোনো এক সময়ে চোরের দল খামারে হানা দেয়। চুরির প্রমাণ মুছে ফেলতে তারা প্রথমে খামারে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর খামারের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫টি সিলিং ফ্যান, ২০টি এলইডি লাইট এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তারসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা খামারের ভেতরে থাকা আরও কিছু জিনিসপত্র ভাঙচুর করে।
হতাশা প্রকাশ করে তরুণ এই উদ্যোক্তা আরও বলেন, “আমি একটি এনজিও থেকে ঋণ নিয়ে অনেক স্বপ্ন নিয়ে পোল্ট্রি খামারের ব্যবসা শুরু করেছিলাম। ছোট পরিসরে শুরু করা ব্যবসাটি তিল তিল করে গুছিয়ে আনার চেষ্টা করছিলাম। নতুন চালান তোলার প্রস্তুতির কারণে বর্তমানে খামারে মুরগি ছিল না, আর সেই শূন্যতার সুযোগেই চোরের দল এই সর্বনাশ করেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তার জন্য অপূরণীয়।”
এদিকে, এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এই ঘটনার মাত্র দুদিন আগেও একই এলাকার আমান উল্লাহ ও মাসুদ সওদাগরের দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের বেলায় গ্রামীণ সড়ক ও জনপদে টহল জোরদার না থাকায় চোরচক্র বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, “পোল্ট্রি খামারে চুরির বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখছি। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খালেদ / পোস্টকার্ড ;