চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক মামলা, পরোয়ানা ও অন্যান্য অপরাধে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জোরারগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর ভবানী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলেয়া বেগমের বসতঘরের ভাড়াটিয়া কামরুলের কক্ষের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জাহিদ হোসেন (২৭) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পলাতক আসামিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে, পৃথক অভিযানে এসআই মোহাম্মদ সুহেল মিঞার নেতৃত্বে পুলিশের একটি দল পূর্বের একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শাহাদাত হোসেনকে (২৬) ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এছাড়া করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা (৩০) ও নিটো চাকমা (৩০) নামের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে হিঙ্গুলী এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আলমগীর হোসেনকে এবং ইসলামপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পূর্বের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. লিটন হোসেন ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোররাত পর্যন্ত বারইয়ারহাট বাজার ও জোরারগঞ্জ বাজারসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদেরের সমন্বয়ে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. দিদারুল প্রকাশ কালু (২২), ইমাম হোসেন বাবলু (২২), বিকাশ চন্দ্র দে (৫০) এবং আবু জাহিদ। অপরাধের মাত্রা বিবেচনা করে তাদের যথাক্রমে ৭ দিন, ৬ দিন, ২ দিন ও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ প্রসঙ্গে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, এলাকায় অপরাধ দমন ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। পুলিশের অভিযানে গ্রেপ্তার পাঁচজন এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত চারজনসহ মোট নয়জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;