• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ড বাজারে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেই নিরাপদ পারাপার, ঝুঁকিতে রোগীরা সীতাকুণ্ডে মহাসড়কে ছয় মাসে ৩৩ প্রাণহানি, দীর্ঘদিন ওসি শূন্য হাইওয়ে থানা মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত মীরসরাইয়ে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন জোরারগঞ্জে গাঁজা-চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৫ ও কারাদণ্ড ৪ জনের সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেই নিরাপদ পারাপার, ঝুঁকিতে রোগীরা

বিশেষ প্রতিবেদক ।। / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চরম দুর্ভোগ ও প্রাণহানির ঝুঁকিতে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, হুইলচেয়ার ব্যবহারকারী, স্ট্রেচারে থাকা রোগী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য মহাসড়কের উঁচু ডিভাইডার টপকে হাসপাতালে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর ওপর হাসপাতালের সামনের অংশে পর্যাপ্ত সড়কবাতি ও দৃশ্যমান সতর্কতামূলক নির্দেশনা না থাকায় রাতের অন্ধকারে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

সংশ্লিষ্ট ও ভুক্তভোগীদের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই হাসপাতালের ঠিক সামনেই রোড ডিভাইডার থাকায় ঢাকামুখী বা ঢাকা থেকে আসা রোগীবাহী যানবাহনগুলো সরাসরি হাসপাতালে প্রবেশ করতে পারে না। ফলে অনেক দূর গিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে আসতে হয়, যা মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে মারাত্মক বিলম্ব ঘটায়। আবার হাসপাতাল থেকে বের হয়ে চট্টগ্রামমুখী গন্তব্যে যেতে গিয়েও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে কয়েক কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হয়; কোনো কোনো ক্ষেত্রে সময় বাঁচাতে উল্টো পথে চলাচলের মতো প্রাণঘাতী ঝুঁকিও নিতে হয় চালকদের।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সীতাকুণ্ড পৌর এলাকা ছাড়াও বিস্তীর্ণ শিল্পাঞ্চল, উপকূলীয় জনপদ, পাহাড়ি জনবসতি এবং পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার একাংশের মানুষও চিকিৎসাসেবার জন্য এই সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। এছাড়া ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং স্থানীয় ভারী শিল্পকারখানায় দুর্ঘটনার শিকার শ্রমিকদের প্রাথমিক ও জরুরি চিকিৎসার একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে হাসপাতালের সামনে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকা কেবল সাধারণ রোগীদের দুর্ভোগই নয়, বরং জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমের ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, এই পথে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে গিয়ে ইতিপূর্বে একাধিক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের কর্মচারী শফি রাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন। এছাড়া সোহেল ও রুবেল নামের আরও দুজনের সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনার কথাও জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৯ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিসের সামনে নিরাপদ ইউটার্ন না থাকায় জরুরি যানবাহনের অতিরিক্ত পথ ঘুরে যাওয়ার দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়েছিল। দীর্ঘ এক দশক পেরিয়ে গেলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এলাকাবাসী ও রোগীদের স্বজনদের দাবি, কেবল একটি সাধারণ ফুটওভারব্রিজ নির্মাণ করলেই এই সমস্যার পূর্ণ সমাধান হবে না। অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ও স্ট্রেচারে থাকা রোগীদের চলাচলের উপযোগী র‍্যাম্প অথবা বিকল্প নিরাপদ প্রবেশব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে পর্যাপ্ত আলোকসজ্জা, আলোকিত সতর্কতামূলক সাইনবোর্ড, হাসপাতাল নির্দেশক চিহ্ন এবং অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে প্রকৌশলগত সমীক্ষার ভিত্তিতে ডিভাইডার ও ইউটার্ন ব্যবস্থাও পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছেন তাঁরা।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বির আহমেদ প্রিন্স বলেন, সীতাকুণ্ড উপজেলা এখন অনেকটা উপশহরের মতো। এখানে অসংখ্য শিল্পকারখানা, ব্যস্ত মহাসড়ক এবং বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ দিন-রাত জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে ডিভাইডার টপকে রোগীদের হাসপাতালে আসতে হচ্ছে, যা রাতের অন্ধকারে আরও ভয়াবহ রূপ নেয়। তিনি আরও জানান, হাসপাতালের সামনেই ডিভাইডার থাকায় অনেক সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি রোগীবাহী গাড়িকে কয়েক কিলোমিটার উল্টো পথে চলাচল করতে হয় এবং গর্ভবতী নারী ও বয়স্ক রোগীদের সরাসরি হাসপাতালে আসার সুযোগ থাকে না। সড়কে পর্যাপ্ত বাতি ও সড়ক ও জনপথ বিভাগের দৃশ্যমান নির্দেশনামূলক সাইনবোর্ড না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, সীতাকুণ্ড সরকারি হাসপাতালে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের সামনে ডিভাইডারের কারণে রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হওয়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। রোগী ও সাধারণ মানুষের নিরাপদে পারাপারের জন্য দ্রুত একটি কার্যকর ও সুব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..