• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ড বাজারে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নেই নিরাপদ পারাপার, ঝুঁকিতে রোগীরা সীতাকুণ্ডে মহাসড়কে ছয় মাসে ৩৩ প্রাণহানি, দীর্ঘদিন ওসি শূন্য হাইওয়ে থানা মীরসরাইয়ে পোল্ট্রি খামারে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট সীতাকুণ্ডে সাগর থেকে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে উপকূল ও জাতীয় অবকাঠামো সীতাকুণ্ডে মহাসড়কের পাশে বালুর স্তূপ, চরম ঝুঁকিতে পথচারী ও শিক্ষার্থীরা সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার প্রথম হাফেজা সংবর্ধিত মীরসরাইয়ে পূবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন জোরারগঞ্জে গাঁজা-চোলাইমদ উদ্ধার, গ্রেপ্তার ৫ ও কারাদণ্ড ৪ জনের সীতাকুণ্ডে ফায়ার স্টেশনে চুরির চেষ্টা, আটক ৩

সীতাকুণ্ডে মহাসড়কে ছয় মাসে ৩৩ প্রাণহানি, দীর্ঘদিন ওসি শূন্য হাইওয়ে থানা

বিশেষ প্রতিবেদক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দেশের অন্যতম ব্যস্ততম এই মহাসড়কের গুরুত্বপূর্ণ বার আউলিয়া হাইওয়ে থানায় টানা তিন মাস ধরে কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) না থাকায় পুলিশের নিয়মিত তদারকি ও কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। নেতৃত্বের এই শূন্যতার মধ্যে গত ছয় মাসে মহাসড়কের এই এলাকায় ৩০টি সড়ক দুর্ঘটনায় ৩৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত চার মাসে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ও সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঘনঘন কর্মকর্তাদের বদলি ও শীর্ষ পদ শূন্য থাকায় থানাটির প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রমে স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, থানাটিতে জনবল ও নেতৃত্বের সংকটের সুযোগে মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার এলাকায় নিয়মিত অবৈধভাবে যানবাহন পার্কিং করা হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান যত্রতত্র দাঁড় করিয়ে রাখায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে সড়কে তীব্র বিশৃঙ্খলা তৈরি হওয়ার পাশাপাশি রাতের আঁধারে বা দ্রুতগতির যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক হাইওয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তা জানান, বর্তমানে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ডিজিটাল মামলা ব্যবস্থার কারণে প্রচলিত পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করতে নানা কারিগরি সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে তাঁদের। ফলে মহাসড়কে আইন অমান্যকারী ও অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে।

তবে বার আউলিয়া হাইওয়ে থানার বিরাজমান সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) কীর্তিমান। তিনি জানান, বার আউলিয়া হাইওয়ে থানায় ইতোমধ্যে নতুন একজন ইন্সপেক্টর (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে এবং আগামী এক থেকে দুই দিনের মধ্যেই তিনি কর্মস্থলে যোগদান করবেন। পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী ৩০ নভেম্বর থেকে নতুন করে বিশেষ অভিযান শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট ও সচেতন মহলের মতে, মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা কমাতে কেবল সাময়িক অভিযান ঘোষণা করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি অবৈধ পার্কিং স্থায়ীভাবে উচ্ছেদ, ধীরগতির ও নিষিদ্ধ যানবাহন নিয়ন্ত্রণ, যানবাহন চলাচলে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি। গত ছয় মাসে ৩৩ জনের মর্মান্তিক প্রাণহানির পরও মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রশ্ন, সড়কে শৃঙ্খলা ফিরতে আর কত তাজা প্রাণ ঝরতে হবে? কবে বন্ধ হবে অবৈধ পার্কিং এবং নিশ্চিত হবে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত? মহাসড়কে আর কোনো প্রাণহানি দেখতে চান না উল্লেখ করে দ্রুত স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..