মাদক কেবল একজন ব্যক্তিকে বিপথগামীই করে না, বরং একটি গোটা পরিবারকে চিরতরে ধ্বংস করে দিতে পারে বলে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাদক কারবারি, তাদের সিন্ডিকেট কিংবা মদদদাতারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ স্লোগানে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়ন কমিউনিটি পুলিশিং যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, কেবল পুলিশি অভিযান চালিয়ে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে এবং তাদের আচার-আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন আসছে কি না, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখতে হবে। এছাড়া পাড়া-মহল্লায় মাদক কেনাবেচা বা সেবনের বিন্দুমাত্র তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল শুধু ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো পরিবার ও সমাজব্যবস্থাকে গ্রাস করে। তাই পাড়া-মহল্লায় সামাজিক নজরদারি জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নানামুখী ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বাড়বকুণ্ড ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জহুরুল আলম জহুরের সভাপতিত্বে এবং আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (পিপিএম), সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ ও সদস্য সচিব মো. মোরসালিন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বখতিয়ার উদ্দিন এবং শাহাবুদ্দিন রাজু।
শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক দমনে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;