চট্টগ্রামের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান অ্যালবিয়ন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মো. নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম নিজাম উদ্দিন অ্যালবিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাইসুল উদ্দিন সৈকতের পিতা। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রামের শিল্প ও বাণিজ্য অঙ্গনে একজন সফল উদ্যোক্তা হিসেবে তাঁর বিশেষ পরিচিতি ছিল এবং অ্যালবিয়ন গ্রুপের মাধ্যমে ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা আজ (মঙ্গলবার) বাদ আসর তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমতনগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এদিকে প্রবীণ এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে চট্টগ্রামের ব্যবসায়িক মহল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
খালেদ / পোস্টকার্ড ;