চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নেওয়ায় পুরো উপজেলাকে ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় উপজেলার ৭টি সুনির্দিষ্ট এলাকাকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করে টানা ৭ দিনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বির আহম্মেদ এবং পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলাকে ডেঙ্গুর প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। আজ থেকে আগামী ৭ দিন উপজেলার প্রতিটি এলাকায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলবে। এই কঠোর অভিযানের পর সীতাকুণ্ডে যেন নতুন কোনো ডেঙ্গু রোগী না থাকে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।’
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সীতাকুণ্ডে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিহ্নিত রেড জোনগুলোতে বাড়তি নজরদারি রাখার পাশাপাশি ডেঙ্গু রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসায় স্থানীয় সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে এখন পর্যন্ত মোট ৫১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ জন, যার মধ্যে ৩ জনই শিশু। সর্বশেষ বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘরের চারপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
খালেদ / পোস্টকার্ড ;