• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল, জানাজা বাদ আসর সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা

পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

পরিবেশ ও নিরাপত্তার বৈশ্বিক মানদণ্ড মেনে দেশের জাহাজ রিসাইক্লিং খাতে পরিবেশবান্ধব বা ‘গ্রিন ইয়ার্ড’-এর সংখ্যা ১০০-র বেশিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে এই খাতের তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডে (বিএসআরবি) নতুন জনবল নিয়োগের কাজ শুরু হয়েছে এবং আগামী তিন বছরের মধ্যে একটি বিশেষায়িত বিপজ্জনক বর্জ্য শোধনাগার ও ডাম্পিং সুবিধা (টিএসডিএফ) গড়ে তোলা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর অংশীদারত্বে ‘সেনসরেক-ডিডব্লিউ’ (SENSREC-DW) প্রকল্পের চতুর্থ পর্যায়ের উদ্বোধনী কর্মশালায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এসব সিদ্ধান্তের কথা জানান। শিল্প মন্ত্রণালয়, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে এবং নরওয়ে সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

যা যা পরিকল্পনা

  • বিএসআরবি’র সক্ষমতা বৃদ্ধি: তদারকি ব্যবস্থা জোরদার করতে শিপ রিসাইক্লিং বোর্ডে দ্রুত জনবল নিয়োগ করা হচ্ছে। বোর্ডের প্রশাসনিক ও গবেষণা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের কার্যালয়কে আধুনিক ডিজিটাল প্রযুক্তির আওতায় আনা হচ্ছে।

  • বিপজ্জনক বর্জ্য শোধনাগার (টিএসডিএফ): জাহাজ রিসাইক্লিং থেকে নির্গত বিপজ্জনক বর্জ্য এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের শিল্পবর্জ্যের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য আগামী তিন বছরের মধ্যে (সম্ভব হলে তার আগেই) একটি পূর্ণাঙ্গ শোধনাগার নির্মাণ করা হবে। প্রকল্পের প্রাথমিক জরিপ ও অংশীজনদের সঙ্গে আলোচনা শেষ হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে।

  • পরিবেশগত শ্রেণির পরিবর্তন: জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে পরিবেশগত ‘লাল’ বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ক্যাটাগরি থেকে সরিয়ে ‘কমলা’ বা মাঝারি ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই এটি কার্যকর হবে।

বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান ও হংকং কনভেনশন বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষ জাহাজ রিসাইক্লিংকারী দেশ। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ২০০টি পুরোনো জাহাজ ভাঙা হয়, যা লাইট ডিসপ্লেসমেন্ট টনেজ (এলডিটি) হিসেবে বিশ্ববাজারের প্রায় ৩০ শতাংশ। সংশ্লিষ্টদের মতে, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বে প্রায় ১৬ হাজার পুরোনো জাহাজ রিসাইক্লিংয়ের উপযোগী হবে। বিশ্ববাজারের ৪০ শতাংশ ধরতে পারলে বাংলাদেশ বছরে ৬০০ থেকে ৭০০ জাহাজ রিসাইকেল করতে পারবে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। এ জন্য দ্রুততম সময়ে পরিবেশসম্মত গ্রিন ইয়ার্ডের সংখ্যা বাড়ানো জরুরি।

জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশের সুরক্ষায় তৈরি আন্তর্জাতিক চুক্তি ‘হংকং কনভেনশন’ (The Hong Kong International Convention for the Safe and Environmentally Sound Recycling of Ships) বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের ২৬ জুন বাংলাদেশ ও লাইবেরিয়া এই কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ফলে চুক্তিটি কার্যকর হওয়ার আন্তর্জাতিক শর্ত পূরণ হয় এবং ২০২৫ সালের ২৬ জুন থেকে এটি বিশ্বব্যাপী কার্যকর হয়েছে।

এই কনভেনশন অনুযায়ী, ভাঙার জন্য আসা প্রতিটি জাহাজে বিপজ্জনক উপকরণের তালিকা (আইএইচএম) থাকতে হবে এবং প্রতিটি জাহাজের জন্য আলাদা ও অনুমোদিত ‘শিপ রিসাইক্লিং প্ল্যান’ বা পরিকল্পনা প্রস্তুত করা বাধ্যতামূলক। একই সঙ্গে সরকারকেও নিশ্চিত করতে হবে যে ইয়ার্ডগুলো এই আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে। বর্তমানে ইয়ার্ডগুলোতে কাজের পরিবেশ উন্নয়ন ও দ্রুততার সঙ্গে অনুমোদন দিতে ওয়ান-স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে মাত্র ৫ থেকে ১০ দিনে অনুমোদনের ব্যবস্থা করেছে সরকার।

কর্মশালায় বক্তারা বলেন, হংকং কনভেনশনের কার্যকর প্রয়োগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ক্ষতি এড়ানো যাবে, অন্যদিকে ইয়ার্ডগুলোর বিশ্বস্ততা বাড়বে। এতে করে উন্নত দেশগুলোর আরও বেশি জাহাজ বাংলাদেশে আসবে, যা এ দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য খাতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসবিআরএ-এর প্রতিনিধি, জাতিসংঘ ও নরওয়ে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..