• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
বাড়বকুণ্ডে ঘরে বসেই মিলবে বিদ্যুৎ সেবা ও এআই সহায়তা পরিবেশবান্ধব ইয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ১০০ করার উদ্যোগ, ৩ বছরে বর্জ্য শোধনাগার সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস ডিপোতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৫০ লাখ সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ইন্তেকাল, জানাজা বাদ আসর সীতাকুণ্ডে টিসিবির নতুন ডিলার নিয়োগে অনিশ্চয়তা সীতাকুণ্ডে বাঁশ রাখা নিয়ে বিরোধে তিনজনকে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন জঙ্গল সলিমপুরে কঠোর অবস্থানে পুলিশ: ডিআইজি শামসুল হক লাল শাপলার গালিচায় সেজেছে জৈন্তাপুরের ডিবির হাওর মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও এমপিকে সংবর্ধনা

সংসদ সদস্যশূন্য সীতাকুণ্ডে বরাদ্দ সংকট, বাড়ছে উদ্বেগ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

দীর্ঘ ৯ মাস ধরে সংসদ সদস্য না থাকায় দেশের ৩০০ আসনের মধ্যে ব্যতিক্রমী অবস্থানে রয়েছে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসন। জনপ্রতিনিধিত্বের শূন্যতায় গুরুত্বপূর্ণ এই জনপদে উন্নয়ন বরাদ্দ কমে যাওয়ার পাশাপাশি প্রশাসনিক গতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে।

প্রায় ৬ লাখ মানুষের বসবাস এই আসনে, যার বড় অংশজুড়ে রয়েছে সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড। ভারী শিল্পকারখানা, শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ এবং বিশ্বের অন্যতম পরিচিত জাহাজভাঙা ইয়ার্ডের কারণে জাতীয় অর্থনীতিতে এই এলাকার ভূমিকা তাৎপর্যপূর্ণ। অথচ সংসদ সদস্য না থাকায় প্রশাসনিক সমন্বয়, ব্যবসায়িক তদারকি ও নাগরিক নানা বিষয়ে ভোগান্তির কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হলেও ঋণখেলাপি সংক্রান্ত অভিযোগে আইনি জটিলতায় পড়েন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী এ বিষয়ে আদালতের দ্বারস্থ হন এবং নির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত থাকে। পরবর্তীতে গত ৩০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিলের রায় দিলে আসনটি শূন্য হয়ে যায়।

জনপ্রতিনিধি না থাকার প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে পড়েছে উন্নয়ন বরাদ্দে। ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রামের অন্যান্য উপজেলার তুলনায় সীতাকুণ্ড অন্তত ২ কোটি টাকা কম বরাদ্দ পেয়েছে বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টিআর ও কাবিখা খাতে প্রথম দুই ধাপে বরাদ্দ কম এসেছে ২ কোটি ৪৫ লাখ টাকা। পাশাপাশি জিআর বরাদ্দও তুলনামূলক কম এসেছে এবং দুটি খাল খননের জন্য প্রায় ২ কোটি টাকার বরাদ্দ না পাওয়ায় কাজ আটকে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম জানিয়েছেন, সংসদ সদস্যদের নামে বিশেষ টিআর ও কাবিখা বরাদ্দ আসে, যা এবার ৩৭ লাখ টাকা কম মিলেছে এবং খাল খননের জন্য কোনো অর্থ পাওয়া যায়নি। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরীর মতে, দীর্ঘদিন জনপ্রতিনিধি না থাকায় খাল-নালা সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে ধীরগতি তৈরি হয়েছে।

একই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও স্থানীয়দের মধ্যে শঙ্কা বেড়েছে। গত অক্টোবর মাসে দুটি হত্যাকাণ্ড, তিনটি মরদেহ উদ্ধার, দুটি ডাকাতি ও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। উপকূলীয় এলাকায় অবৈধ বালু উত্তোলনের আধিপত্য নিয়ে গত ছয় মাসে তিনটি খুনের ঘটনাও ঘটেছে বলে তথ্য রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্যের উপস্থিত থাকার কথা থাকলেও বর্তমানে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন সেখানে অংশ নিচ্ছেন। এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, এমপি না থাকায় বরাদ্দ ও প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হয়েছে এবং প্রশাসন একরকম অভিভাবকহীনভাবে চলছে।

রাজনৈতিক অঙ্গনেও দলীয় ঐক্যে ফাটল ধরেছে সীতাকুণ্ড বিএনপিতে। মনোনয়ন পরিবর্তনের পর থেকে আসলাম চৌধুরী ও কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের অনুসারীদের মধ্যে দুটি ধারা তৈরি হয়েছে এবং পৃথকভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কমিটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করেও দলীয় নেতাদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

আপাতত আসনটির ভবিষ্যৎ নির্ভর করছে উচ্চ আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পেলে রিভিউ আবেদন করার কথা জানিয়েছেন আসলাম চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ জানিয়েছেন, বর্তমান আদেশ অনুযায়ী আসনটি শূন্য রয়েছে এবং রিভিউতে আদেশ বহাল থাকলে নতুন নির্বাচনের পথে যেতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..