চট্টগ্রামের সীতাকুণ্ডে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ওয়েভ (WAVE) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর শান্তি ও সম্প্রীতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সীতাকুণ্ড পৌরসভা হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তাঁরা।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নূর লুবনার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর শামসুল আলম আজাদ। সভায় ব্রিটিশ হাইকমিশনের এফসিডিও প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন, উইল টেইলর, তাসনিম সিদ্দিক ও বিশ্বজিৎ দেব উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের শান্তি-সম্প্রীতি রক্ষা ও সামাজিক সংহতি জোরদারের বিভিন্ন উদ্যোগের খোঁজখবর নেন।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ ও ফিল্ড কো-অর্ডিনেটর মাইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন পিএফজি কো-অর্ডিনেটর নাছির উদ্দিন অনিক, পিস অ্যাম্বাসেডর মাসুদা খায়ের, মো. খাইয়ুম ও শামীম আক্তার লাভলী। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েভ কো-অর্ডিনেটর মেহেরুন্নেসা নার্গিস, সহ-সভাপতি লিপি, পিএফজির সিনিয়র সদস্য রেজাউল করিম বাহার, সদস্য সঞ্জয় চৌধুরী, জাহেদুল ইসলাম বিটু, তপন মজুমদার, ওয়াইপিএজি কো-অর্ডিনেটর ফরহাদ হোসেন রিফাত, জয়েন্ট কো-অর্ডিনেটর শিউলি আক্তার এবং সদস্য নিহাল, সামি, তপু ও ফয়জুলসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সদস্য লুইস বেইনন ও উইল টেইলর সীতাকুণ্ড উপজেলায় রাজনৈতিক সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ও সংঘাত নিরসনে পিএফজি, ওয়েভ এবং ওয়াইপিএজির সম্মিলিত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা সীতাকুণ্ডবাসীর আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলোতেও এ অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিনিধি দলটি আশা প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সীতাকুণ্ডসহ দেশের ৭৪টি উপজেলায় পিএফজির এই ইতিবাচক কার্যক্রম আগামীতেও আরও বেগবান হবে এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খালেদ / পোস্টকার্ড ;