• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে ৩৫ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প ২৩ অক্টোবর সীতাকুণ্ডে শারদীয় দুর্গাপূজার আলোচনা সভা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — লায়ন আসলাম চৌধুরী সীতাকুণ্ডে নিষিদ্ধ জাল জব্দ, মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, স্মরণসভায় শ্রদ্ধা জানাবে ক্রীড়া ও শিক্ষাঙ্গন গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর সীতাকুণ্ড পৌর সদর বাজারে খাসজমির ১৮ দোকান ইজারা জটিলতা, ফুটপাত দখলে বাড়ছে যানজট সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের ভূমিকা নিয়ে প্রতিনিধিদের ক্ষোভ চট্টগ্রামে দেওয়ানহাট ব্রিজের নিচে রেললাইনের নাট-বল্টু চুরি, যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেলওয়ের জমি দখল, সাবেক এমপি রুহেলের বিরুদ্ধে দুদকের মামলা সীতাকুণ্ডে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ, কাজের মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

পোস্টকার্ড ডেস্ক ।। / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্ক সৃষ্টি না করার জন্য দেশবাসী ও রাজনৈতিক মহলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ইতিপূর্বে মহান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে একটি মহল বিতর্কিত করার অপচেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সচেতন জনগণ তা কখনোই ইতিবাচকভাবে গ্রহণ করেনি। একইভাবে ছাত্র-জনতার রক্তে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকেও অপপ্রচার বা অপচেষ্টার মাধ্যমে বিতর্কিত করা থেকে সকলকে বিরত থাকার বার্তা দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিনে রংপুর নগরীর ঐতিহাসিক ধর্মসভা রাধা গোবিন্দ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর এটিই ছিল উত্তরবঙ্গের রংপুরে তাঁর প্রথম সরকারি সফর। মণ্ডপে বক্তব্য প্রদানকালে তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের সরাসরি ভোটাধিকারে নির্বাচিত সংসদে প্রতিটি সংসদ সদস্য জনগণের প্রতিনিধিত্ব করছেন। তাই কারো কোনো গঠনমূলক বক্তব্য বা দাবি-দাওয়া থাকলে রাজপথে অনাকাঙ্ক্ষিত বিতর্ক না বাড়িয়ে তা জাতীয় সংসদে তুলে ধরার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বা পরবর্তীতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনগুলোতে কখনোই কোনো ধর্ম, বর্ণ বা জাতিগত বিভেদ ছিল না। সর্বস্তরের সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আদায়ের লড়াই করেছে। ঠিক একইভাবে চব্বিশের গণঅভ্যুত্থানের রাজপথেও দল-মত-ধর্ম নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের মহামিলন ঘটেছিল। সেই ঐক্য ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার।

সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক নীতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়া বা না দেওয়া নির্বিশেষে বর্তমান সরকার দেশের সকল অঞ্চলের এবং সকল নাগরিকের সমান অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের বাজেট ও অর্থনৈতিক সম্পদ বিবেচনা করে সমগ্র দেশে সুষম ও সমবণ্টনভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের প্রধান রাজনৈতিক অঙ্গীকার। ঐতিহ্যগত বিভ্রান্তিকর রাজনীতি পরিহার করে জনগণের ক্ষমতায়ন ও রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য রাষ্ট্রের এই সংস্কার যাত্রায় দেশবাসীর সহযোগিতা চান তিনি।

সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ সুসজ্জিত বাসে চেপে প্রধানমন্ত্রী দুপুর ১২টার দিকে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে এসে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও দলের কর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। কুশল বিনিময় ও শুভেচ্ছা পর্ব শেষে মন্দিরটির অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ লাখ টাকার এক অনুদানের চেক মন্দির কমিটির হাতে তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং নিপুণ রায় চৌধুরী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রংপুর সফর শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন, যেখানে তাঁর ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন ও ঐতিহাসিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

খালেদ/পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..