চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রের মুখে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে নগদ প্রায় ২০ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে টেরিয়াইল এলাকায় অবস্থিত ‘আইপিএল ইন্টারন্যাশনাল বিডি প্রাইভেট লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
হামলায় আহত দুই চীনা নাগরিক হলেন প্রকৌশলী মিস্টার মা (২৭) এবং ইলেকট্রিশিয়ান উফ্যাংলি (৩৫)।
প্রতিষ্ঠানের ম্যানেজার শামসুল আরেফিনের সূত্রে জানা যায়, ঘটনার সময় ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র ডাকাত দল হঠাৎ প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এরপর দুই চীনা নাগরিকসহ উপস্থিত ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে একটি কক্ষে হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে ফেলে। জিম্মিদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং টানা প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাত দল তাদের তাণ্ডব ও লুটপাট চালায়।
প্রতিষ্ঠানের শ্রমিক কালাম জানান, ডাকাতরা প্রতিষ্ঠানের নগদ টাকার পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত ঘরে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেয়। আহত চীনা নাগরিক মিস্টার মা বলেন, ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে আমাদের জিম্মি করে নগদ টাকা, মূল্যবান মালামাল এবং আমার ব্যক্তিগত ল্যাপটপটি নিয়ে গেছে। হামলায় আমার পায়ে আঘাত করা হয়েছে।
ম্যানেজার আরও জানান, নগদ ২০ লাখ টাকা ছাড়াও অনেক মালামাল লুট হয়েছে। যার দরুন মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ দল এই ঘটনা ঘটিয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
খালেদ / পোস্টকার্ড