চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়াদোত্তীর্ণ, নকল ও অবৈধ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পৌর সদরে পরিচালিত বিশেষ অভিযানে এসব জরিমানা ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদরের বেশ কয়েকটি ফার্মেসিতে দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ার পর চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এর মধ্যে নুহাশ ফার্মেসিকে ২৫ হাজার, জোসনা ফার্মেসিকে ৩০ হাজার, আয়াত ফার্মেসিকে ১৫ হাজার এবং ফারুক ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ফার্মেসিগুলো থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফকরুল ইসলাম। এ সময় চট্টগ্রাম বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম এবং সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফকরুল ইসলাম জানান, ফার্মেসিগুলোতে অনিয়ম করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হচ্ছিল, যা মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সীতাকুণ্ডে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;



















