কুয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার প্রবাসী মো. কামাল উদ্দিন ( সাদ্দাম ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সীতাকুণ্ডের ১০ নং ছলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড (দক্ষিণ ছলিমপুর, ফকিরহাট পশ্চিম পাড়া) এলাকার মরহুম আব্দুল মোনাফের দ্বিতীয় পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ আগস্ট) কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক পার হয়ে একটি গ্যারেজের সামনে দাঁড়িয়েছিলেন কামাল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত ছিলেন। মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে তিনি কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
দুই বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া কামালের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বুকফাটা কান্নায় ভেঙে পড়েছেন নিহতের বৃদ্ধা মা ও সদ্য বিবাহিত স্ত্রী । মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নিহতের বড় ভাই গুলজার হোসেন জানিয়েছেন, কুয়েতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কাজ চলছে।
খালেদ / পোস্টকার্ড ;



















