চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকট নিরসন, সিএনজি মালিকদের দৈনিক জমা সর্বোচ্চ ৯০০ টাকায় নির্ধারণ এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ একাধিক দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু চালকরা।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরের বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু শাখার ব্যানারে আয়োজিত এ সমাবেশে দেড় শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন। পরে বহদ্দারহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাদুরতলা সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত শ্রমিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে চরম জ্বালানি সংকটের কারণে নগরের ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এক বার গ্যাস নিতেই ৬ থেকে ৮ ঘণ্টা সময় নষ্ট হয়ে যাওয়ায় চালকদের দৈনিক আয় তলানিতে ঠেকেছে। আয় কমে গেলেও সিএনজি মালিকেরা দৈনিক জমার চাপ কমাচ্ছেন না।
শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—
- গাড়ির মালিকদের দৈনিক জমা সর্বোচ্চ ৯০০ টাকার মধ্যে সীমিত রাখা
- ট্রাফিক পুলিশ কর্তৃক অপ্রয়োজনীয় টোয়িং, অতিরিক্ত জরিমানা ও হয়রানি বন্ধ করা
- চালকদের জন্য পর্যাপ্ত পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করা
- ট্রাফিক মামলার দ্রুত নিষ্পত্তি আদালতের মাধ্যমে সম্পন্ন করা
- ডোপ টেস্টের নামে অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা না হলে তারা চট্টগ্রাম নগরজুড়ে আরও কঠোর ও কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
খালেদ / পোস্টকার্ড ;



















