চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক স্থানে একই দিনে দুই কিশোর-কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বারআউলিয়া এবং সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর এলাকায় এসব ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়ার জেলেপাড়ায় সঞ্জিতা জলদাশ (১৬) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দেয়। সে সন্তোষ জলদাসের মেয়ে এবং কুমিরা লতিফ সিদ্দিকী ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিল। স্থানীয়দের মতে, মায়ের ওপর অভিমান করে সে আত্মহত্যা করে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ইয়াকুবনগর বটতল এলাকার একটি ভাড়া বাসা থেকে রোজেন হোসেন সিয়াম (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার নিয়ে ওই বাসায় থাকত সিয়াম। তার গ্রামের বাড়ি বরিশাল এবং বাবার নাম মোহাম্মদ আলমগীর ফরাজি। পারিবারিক কলহের জেরে সে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। পুলিশ রুম থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল— “তোমরা আমারে মাফ করে দিও। এছাড়া আমার উপায় নাই।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুর ইসলাম পৃথক দুটি স্থান থেকে এই দুই কিশোর-কিশোরীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খালেদ / পোস্টকার্ড ;


















