চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. ইমরান (২৫)। তিনি উপজেলার ছিন্নমূল ৮ নম্বর সমাজ এলাকার আজাহারের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার তদন্তের ধারাবাহিকতায় শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সলিমপুর এলাকা থেকে মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইমরানকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার একই মামলার আরেক আসামি আলী আকবরকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অবৈধ দখলদার উচ্ছেদ এবং অপরাধী দমনের অভিযানে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছিলেন র্যাব সদস্যরা। সে সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। এই হত্যাকাণ্ডটি পুরো দেশে আলোড়ন সৃষ্টি করেছিল এবং পাহাড়কেন্দ্রিক অপরাধ জগতের ভয়াবহতা উন্মোচন করে দিয়েছিল। এ ঘটনার পরই প্রশাসন সলিমপুরকে অপরাধমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যায়।
খালেদ / পোস্টকার্ড ;



















