• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে মিরসরাইয়ে আ.লীগ সভাপতিসহ ৪ নেতাকর্মী গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী ইয়াসিন নেটওয়ার্কের ৬ সদস্য গ্রেপ্তার ৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক থেকে সাংবাদিকদের বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হাফেজ সন্তানের মৃত্যু, কয়লার আগুনে নিঃস্ব পরিবার বাঁশবাড়ীয়ায় আবারও ফুটপাত দখল, দুর্ঘটনার ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি বিদেশি কর্মী নিয়োগ, আবেদন চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত ফটিকছড়ির চবি শিক্ষার্থীর চমক, এক অ্যাপেই এআইভিত্তিক পরীক্ষার প্রস্তুতি ভিসা আবেদনে তৃতীয় পক্ষের সেবা না নিতে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা হীরকজয়ন্তীর আলোয় ঝলমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর মহাসমারোহে উৎসব

নজরুলের সীতাকুণ্ড স্মৃতি সংরক্ষণের উদ্যোগ,চন্দ্রনাথে জীবন্ত স্মৃতিভূমি গড়ে তোলার প্রত্যাশা

মেজবাহ উদ্দীন খালেদ ।। / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রায় একশ বছর আগে যে পাহাড়, ঝরনা ও অরণ্যের রূপলাবণ্যে মুগ্ধ হয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সীতাকুণ্ডের সেই ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড় আজও কবির পদচারণার স্মৃতি ধারণ করে আছে।

১৯২৬ সালে কবি চট্টগ্রাম সফরের সময় সীতাকুণ্ডে এসেছিলেন এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হয়ে চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করেছিলেন বলে বিভিন্ন গবেষণা ও স্মৃতিচারণমূলক লেখায় উল্লেখ রয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও সেখানে কবির স্মৃতির দৃশ্যমান কোনো সংরক্ষণ গড়ে ওঠেনি। অবশেষে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২৫টি স্থানকে অগ্রাধিকার দিয়ে সংরক্ষণের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে কবি নজরুল ইনস্টিটিউট।

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, সারা দেশে ছড়িয়ে থাকা নজরুলের বহু স্মৃতিচিহ্ন থেকে প্রাথমিকভাবে চিহ্নিত ২৫টি স্থান সংরক্ষণের জন্য সরকারের নিকট একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রকল্পের অনুমোদন মিললে চট্টগ্রাম ও সীতাকুণ্ডের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে পর্যায়ক্রমে সংরক্ষণকাজ শুরু হবে।

তবে কবির সীতাকুণ্ড সফরের পূর্ণাঙ্গ ইতিহাস উন্মোচনে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চন্দ্রনাথের ঠিক কোন সুনির্দিষ্ট স্থানে কবি অবস্থান করেছিলেন কিংবা কোন পথ ধরে তিনি পাহাড়ের চূড়ায় উঠেছিলেন, সে বিষয়ে এখনো প্রামাণ্য সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া নজরুলের সেই সফরে জোঁকের ভয়ে কবির অস্বস্তিতে পড়ার মতো একটি লোকমুখের স্মৃতিচারণও প্রচলিত রয়েছে, যার প্রামাণ্যতা যাচাই জরুরি। তাই সমকালীন সংবাদপত্র, চিঠিপত্র, পুরোনো আলোকচিত্র ও দুর্লভ নথিপত্র অনুসন্ধানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রামাণ্য গবেষণার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

নজরুলের সৃষ্টিশীলতার সঙ্গে চন্দ্রনাথের পাহাড়ি প্রকৃতির রয়েছে এক আত্মিক যোগসূত্র। সাহিত্যপ্রেমীদের ধারণা, কবির বিখ্যাত গান ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই’-এর মূল চিত্রকল্পের সঙ্গে সীতাকুণ্ডের এই পাহাড়ি প্রকৃতির গভীর মিল রয়েছে। কেবল একটি স্মারকফলক স্থাপনই নয়, বরং সেখানে একটি ‘নজরুল স্মৃতি কর্নার’ বা তথ্যকেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার প্রস্তাব এসেছে। এর পাশাপাশি চট্টগ্রাম ও সীতাকুণ্ডের স্মৃতিবিজড়িত অঞ্চলগুলোকে এক সুতোয় গেঁথে একটি ‘নজরুল স্মৃতি পথ’ গড়ে তোলারও উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

নজরুল স্মৃতির পাশাপাশি চন্দ্রনাথের প্রাকৃতিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন পরিবেশ ও সাহিত্যসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পাহাড় কেটে কোনো কংক্রিটের স্থাপনা নির্মাণ করা যাবে না; বরং চারপাশের বন, ঝরনা ও পাহাড়কে সম্পূর্ণ অক্ষত রেখেই কবির স্মৃতিকে দৃশ্যমান করতে হবে। যে প্রকৃতি ও অরণ্য পরম যত্নে কবির স্মৃতিকে বুকে আগলে রেখেছে, সেই প্রকৃতিকে সুরক্ষা দেওয়াই হবে মূলত কবির স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা।

নজরুল ইনস্টিটিউটের এই উদ্যোগ বাস্তবায়িত হলে চন্দ্রনাথ পাহাড় কেবল সাধারণ একটি পর্যটনকেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য জীবন্ত তীর্থভূমি ও স্মৃতিভূমিতে রূপান্তরিত হবে।

খালেদ / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..