পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসজুড়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী। ছয় দশকের গৌরবময় পথচলা স্মরণে আয়োজিত এই মিলনমেলায় দেশ-বিদেশের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
হীরকজয়ন্তী উপলক্ষে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়, যেখানে উৎসবের কেক কাটা হয়।
৬০ পেরিয়ে ৬১-তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বর্ণাঢ্য আয়োজনে হীরকজয়ন্তী উদযাপন আজ
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় সশরীরে উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাত বা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বৃহৎ গবেষণা প্রকল্প শুরুর আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, এর মাধ্যমে শিল্প, কৃষি, সামুদ্রিক খাত, ইলেকট্রিক ও ডিজিটাল মাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সরাসরি সংযোগ তৈরি হবে। নদী, সমুদ্র ও পাহাড়ঘেরা চবির অনন্য প্রাকৃতিক পরিবেশ এবং অ্যালামনাই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোকে আরও উন্নত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণাধর্মী কাজ বিস্তৃত না হলে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পখাতের সেতুবন্ধন তৈরি করে দক্ষ জনবল গড়তে কাজ করছে। হাটহাজারীর সংসদ সদস্য ও চবির প্রাক্তন শিক্ষার্থীর সন্তান হিসেবে বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি জানান, চবির জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মাণের অনুমোদন হয়েছে এবং নতুন আরেকটি আবাসিক হল নির্মাণের বিষয়েও উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। এর অনন্য বৈশিষ্ট্য শাটল ট্রেন শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি তারুণ্যের উচ্ছ্বাস, গান, কবিতা ও আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বহন করে। গত ছয় দশকে এই বিদ্যাপীঠ দেশকে বহু প্রখ্যাত বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক ও রাজনীতিবিদ উপহার দিয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান আগামী ৭৫ ও ১০০ বছরের লক্ষ্য সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ৫০ কোটি টাকা ব্যয়ে বহুল প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্পটি সম্প্রতি অনুমোদিত হয়েছে, যার কাজ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হবে। এ ছাড়া আবাসন সংকট নিরসনে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত আট মাসে ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা চুক্তি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন, র্যাঙ্কিং সেল গঠন এবং কনফুসিয়াস সেন্টারসহ আটটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন উপাচার্য।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। মূল আলোচনা শেষে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্বে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, চাকসুর সাবেক ভিপি-জিএসসহ বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের আনন্দ-বেদনা ও গৌরবময় দিনের স্মৃতি তুলে ধরেন। বিকেলে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণিল আয়োজন সমাপ্ত হয়।
খালেদ / পোস্টকার্ড ;