চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরী ও মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজ (৫৮), চট্টগ্রাম উত্তর জেলা মুজিবিয়ান বাংলাদেশের সদস্য মো. শাহাদাত হোসেন মিলন (২৮), জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর ভূঁইয়া (৬০) এবং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাকিবুল ইসলাম (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার আইব্লক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাহেরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাহফুজকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশের পৃথক দল উপজেলার কাটাছরা এলাকা থেকে মো. শাহাদাত হোসেন মিলন, জোরারগঞ্জ এলাকা থেকে মো. আলমগীর ভূঁইয়া এবং ইছাখালী এলাকা থেকে রাকিবুল ইসলামকে আটক করে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সম্পৃক্ততার অভিযোগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
খালেদ / পোস্টকার্ড ;