সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গ্রেপ্তার করতে গিয়ে মো. শহিদ (৬২) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের একটি মামলায় শহিদের স্ত্রী সাবেরা খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। ওই দিন দুপুরে সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাব্বিরের নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে ধরতে তাদের বাড়িতে যায়। তবে বাড়িতে সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তার স্বামী মো. শহিদকে জোরপূর্বক হাতে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পরিবারের পক্ষ থেকে শহিদকে সম্পূর্ণ নিরপরাধ দাবি করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও পুলিশ তা কর্ণপাত করেনি। পরবর্তীতে পুলিশ ও হাতকড়া পরা শহিদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ধস্তাধস্তির একপর্যায়ে শহিদ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ভয়ভীতি ও জোরপূর্বক শক্তি প্রয়োগের কারণেই স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
এদিকে ঘটনার বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, একটি মামলার তদন্তের কাজে এসআই সাব্বির সেখানে গিয়েছিলেন এবং পরবর্তীতে ওই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খালেদ / পোস্টকার্ড ;