বাংলাদেশসহ বিশ্বের ৩৭টি দেশ থেকে বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। আগামী ২০২৭ সালের জন্য সিজনাল ও নন-সিজনাল ক্যাটাগরিতে মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মীকে বৈধভাবে দেশটিতে কাজের সুযোগ দেওয়া হবে। ইতিমধ্যে গত ২৩ অক্টোবর থেকে অনলাইনে প্রাথমিক আবেদন কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৭ ডিসেম্বর শেষ হবে।
ইতালির শ্রম মন্ত্রণালয় এবং অভিবাসীদের তথ্যসেবা প্ল্যাটফর্ম রিফিউজি ইনফোর বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট নির্ধারিত কোটার মধ্যে সিজনাল বা মৌসুমি ক্যাটাগরিতে ৮৯ হাজার, নন-সিজনাল ক্যাটাগরিতে ৭৬ হাজার ২০০ এবং স্ব-কর্মসংস্থান বা নিজস্ব কাজের জন্য ৬৫০টি কোটা বরাদ্দ রাখা হয়েছে। এই নিয়োগ তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, মিশর, মরক্কো ও ইউক্রেনসহ মোট ৩৭টি দেশের নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনের নিয়মাবলি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ইতালি সরকারের নির্ধারিত পোর্টালে একজন ইতালীয় নিয়োগদাতার মাধ্যমে অনলাইনে ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন পূরণের পর খাতভিত্তিক নির্ধারিত চারটি ‘ক্লিক ডে’-তে চূড়ান্ত আবেদন জমা দেওয়া যাবে। এর মধ্যে ২০২৭ সালের ১২ জানুয়ারি সিজনাল কৃষি খাত, ৯ ফেব্রুয়ারি সিজনাল পর্যটন খাত, ১৬ ফেব্রুয়ারি নন-সিজনাল খাত এবং ১৮ ফেব্রুয়ারি নন-সিজনাল ডমেস্টিক বা গৃহস্থালি খাতের আবেদনপত্র জমা নেওয়া হবে।
ইতালির এই কোটায় সরাসরি নিজে আবেদন করা যায় না। ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনপত্রের প্রাক-পূরণ বা প্রিকম্পাইলেশন চলবে।
মূলত ইতালিতে অবস্থানরত কোনো বৈধ নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta) চেয়ে আবেদন করেন। এই অনুমোদন পাওয়ার পর নিজ দেশের ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র ভালোভাবে যাচাই-বাছাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে ইতালি নেওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করার মতো প্রতারণামূলক ঘটনার প্রেক্ষাপটে বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায় আবেদনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইতালিতে কর্মী নিয়োগের এই বিশেষ প্রক্রিয়ায় যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে, ফলে কর্মীদের বাড়তি কোনো অর্থ খরচ করতে হবে না। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো স্পষ্টভাবে জানিয়েছেন, কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির সুযোগ নেই। কেউ যদি দালাল বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ লেনদেন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল বলে গণ্য হবে।
খালেদ / পোস্টকার্ড ;