চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অনলাইনে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আবেদনের সময় বাড়ানো হলেও ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত তারিখ ও সময়সূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল–আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের সঙ্গে একাত্মতা পোষণ করে চবি প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থে আবেদনের সময়সীমা বাড়িয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর উচ্চ মাধ্যমিকের পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ ও যোগ্য শিক্ষার্থীরা যেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ পায়, সে লক্ষ্যেই মূলত আবেদনের সময় পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত মোতাবেক তা বাড়িয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর ফলে পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্বিঘ্নে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এদিকে ভর্তি পরীক্ষার মূল সময়সূচি অপরিবর্তিত থাকায় ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চবির ভর্তিযুদ্ধ। প্রতিবারের মতো এবারও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস কেন্দ্রে একই তারিখ ও সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ এই তিনটি উপ–ইউনিটের পরীক্ষা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই নেওয়া হবে বলে প্রশাসন নিশ্চিত করেছে।
খালেদ / পোস্টকার্ড ;